পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নারী ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন প্রধান দুই দলের মেয়র পদপ্রার্থী। এরইমধ্যে তাদের সমর্থনে মাঠে নেমেছেন উভয় দলের কেন্দ্রীয় নারী নেত্রীরা। নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীই নারী বান্ধব নগর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের মোট ভোটার ২ লাখ ৭ হাজার। এরমধ্যে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫ হাজার। যা পুরুষ ভোটারের চেয়ে ৩ হাজারের বেশি। তাই নারীদের আকৃষ্ট করতে মনোযোগ দিচ্ছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা।
আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানার নির্বাচনী প্রচারণার জন্য যোগ দিয়েছেন কেন্দ্রের বেশ কয়েকজন নারী নেত্রী। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নারীদের সমর্থন চাইছেন তারা।
যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, ‘প্রচারণার জন্য যেখানেই যাচ্ছি নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। তারা নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।’
বিএনপির প্রার্থী মনিরুল সাক্কুর পক্ষেও প্রচার চালাচ্ছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নারী নেত্রী।
আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা দিচ্ছেন নারীবান্ধব শহরের প্রতিশ্রুতি। নির্বাচিত হলে নারী উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গিকারও করছেন তারা।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতান বলেন, ‘যেহেতু আমি নিজেও একজন নারী। সিটি করপোরেশনে থাকা অবস্থায় আমি অনেক প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়েছি। সেদিকে নজর রেখে আমি নারীদের জন্য কাজ করতে চাই এবং কুমিল্লা সিটি করপোরেশনের জন্য কাজ করতে চাই।’
বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনে বিভিন্ন কর্মকা-ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করবো।’
কুমিল্লা সিটি নির্বাচনে চার মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় আছেন আরেক নারী। এছাড়া ৯টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


















































