শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতাকে অপহরণের পর হত্যার চেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় ছাত্রলীগ নেতা মোঃ রাজুকে প্রতিপক্ষ গ্রুপ অপহরণ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মুমুর্ষ অবস্থায় রাজুকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত রাজু একই ইউনিয়নের কুলাসার গ্রামের মৃত আফজালুর রহমানের পুত্র। ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ দুই রাউন্ড গুলিসহ সুমন নামের আরেক ছাত্রলীগ নেতাকে আটক করে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রাজু জানায়, রোববার বিকেল পাঁচটায় সে তার এক ভাইকে পদুয়া রাস্তার মাথায় ঢাকাগামী একটি বাসে তুলে দিয়ে বাড়ি ফেরাার পথে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান বাচ্চু গ্রুপের ছাত্রলীগ নেতা মামুন, সুমন, শুভ, রহমান, সোহাগ, শাহিন ও হান্নানের নেতৃত্বে আরও অনেকে তার গতিরোধ করে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে পাশ্ববর্তী ফেনীর শর্শদি এলাকায় নিয়ে যায়। সেখানেও তাকে একটি গুলি চালিয়ে হত্যার চেষ্টা করে ব্যর্থ হলে অপহরণকারীরা রাজুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এএসআই ইব্রাহিমের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে। এসময় ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা সুমনকে রাইফেলের দুই রাউন্ড গুলিসহ আটক করে।
আলকরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক হেলাল অভিযোগ করে বলেন, আহত রাজু যুবলীগ নেতা জামাল হত্যা মামলার অন্যতম স্বাক্ষী। এ ঘটনার জের ধরে জামাল হত্যা চেষ্টা মামলার আসামীরা রাজুকে হত্যার উদ্দেশ্যে তাকে অপহরণ করে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ অপহৃত রাজুকে উদ্ধার করে। এসময় সুমন নামে অভিযুক্ত একজনকে দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি