
পূর্বাশা ডেস্ক: অবশেষে তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ। আজ সোমবার তালা ভাঙার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় শিক্ষকদের একটি অংশ, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে উপাচার্য দপ্তরে প্রবেশ করেন।
কয়েক দফা দাবিতে ৮ মার্চ থেকে শিক্ষক সমিতি উপাচার্যকে দপ্তরে ঢুকতে দেয়নি।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দফা দাবি ও আগের পাঁচ দফা দাবি পূরণ না করে উপাচার্য তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। তাঁর এমন আচরণ স্বৈরতান্ত্রিক ও শিক্ষকসুলভ আচরণের সঙ্গে বেমানান। এ অবস্থায় শিক্ষক সমিতি আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত উপাচার্যের দপ্তরের সামনে তিন ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালন করবেন। প্রতিদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ওই কর্মসূচিকে অযৌক্তিক বলে মানববন্ধন করে শিক্ষকদের একটি অংশ, ছাত্রলীগ, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার ১৫ মিনিট পর উপাচার্য তাঁর দপ্তরে প্রবেশ করেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান বলেন, উপাচার্যের অগণতান্ত্রিক আচরণের দায়ভার তাঁকেই নিতে হবে। তাঁর অগ্রহণযোগ্য কায়দায় ভেতরে ঢোকা উপাচার্যের পদকে অসম্মানিত করা হয়েছে।
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘আলোচনার প্রস্তাব দিলেও তাঁরা সাড়া দেননি। ১১ দিন অপেক্ষা করেছি। এভাবে গুটি কয়েক শিক্ষকের কাছে জিম্মি থাকতে পারি না। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই তালা খুলে নিজ দপ্তরে ঢুকতে হয়েছে।’

















































