শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আ.লীগে ‘ম্যারাডোনা’ নেই, তবু ভয়ে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লাবাসী তো বটেই, সারা দেশের মানুষেরই নজর এখন কুমিল্লা সিটি করপোরেশনের প্রতি। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম কুমিল্লা। উৎসবের আমেজ থাকলেও নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ কিছুটা নাখোশ। ১৮ মার্চ নির্বাচন কমিশনের মতবিনিময় অনুষ্ঠানে একজন কাউন্সিলর প্রার্থী বলেই ফেললেন, ‘সভা-সমাবেশ, মিছিল নেই। মাইকিংয়ের সময়ও বেঁধে দেওয়া হয়েছে বেলা দুইটা থেকে রাত আটটা। এটি কেমন নির্বাচন?’

সভা-সমাবেশের বিকল্প হিসেবে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাইছেন। জনসংযোগ করছেন। আর এসব জনসংযোগে প্রার্থীর সঙ্গে দুই দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারাও শামিল হচ্ছেন। দুই দলের নেতারাই ঢাকা থেকে দল বেঁধে এসেছেন। তবে আওয়ামী লীগের পাল্লাই ভারী। আওয়ামী লীগের পক্ষে নির্বাচন পরিচালনা করছেন সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্যাহ, সদস্যসচিব হিসেবে কাজ করছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। অন্যদিকে বিএনপির পক্ষে দলীয় নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

৩০ মার্চের নির্বাচন কেমন হবে? কে জিতবেন? সরকারি দলের নীতিনির্ধারক, বিরোধী দলের নেতা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিÑসবাই বলছেন, নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। সিটি নির্বাচন নিয়ে কুমিল্লায় এখন পর্যন্ত বড় ধরনের হাঙ্গামা হয়নি। ১৮ মার্চ তিন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরীও টাউন হলে মতবিনিময় সভায় নির্বাচন সুষ্ঠু হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁরা বলেছেন, এই নির্বাচন তাঁদের কাছে ‘মহাপরীক্ষা’। কিন্তু এই মহাপরীক্ষায় তাঁরা জিতবেন কি না, সেটি ৩০ তারিখের আগে জানা যাবে না।

রাজনীতির বিশ্লষকেরা মনে করেন, আগামী দিনের রাজনীতির গতিপ্রকৃতি কোন দিকে যাবে, তা অনেকটা নির্ভর করছে কুমিল্লা সিটি নির্বাচনের ওপর। সরকারি দলের দাবি অনুযায়ী কুমিল্লার নির্বাচনটি নারায়ণগঞ্জের মতোই অবাধ ও সুষ্ঠু হবে। আবার নারায়ণগঞ্জের মতো নির্বাচন হলে ফলাফল কি সরকারি দলের অনুকূলে থাকবে, না প্রতিপক্ষ জয়ী হবে? এ ধরনের হাজারটা প্রশ্ন এখন কুমিল্লার বাতাসে কানাকানি করছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা বলছেন, কুমিল্লা সিটি নির্বাচনকে প্রভাবিত করার বা গায়ের জোরে জয়ী হওয়ার কোনো ইচ্ছা তাঁদের নেই। প্রধানমন্ত্রীও নাকি তাঁদের সে রকম বার্তা দিয়েছেন। এটি আশার কথা। কিন্তু বাস্তবে কী হয়, সেটাই দেখার বিষয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী জয়ী হওয়ার পর আওয়ামী লীগের আত্মবিশ্বাস বেড়েছে। একই সঙ্গেও ভয়ও আছে। দলের একজন দায়িত্বশীল নেতা বলেছেন, ‘নারায়ণগঞ্জে আমরা জয়ী হয়েছি। কেননা, আমাদের সঙ্গে “ম্যারাডোনা” ছিলেন। তিনি একাই নৌকাকে জিতিয়ে দিয়েছেন। এখানে তো ম্যারাডোনা নেই।’ এ কথা সত্যি যে কুমিল্লায় কোনো দলেই শিওর সাকসেস বা নিশ্চিত সফল প্রার্থী নেই। লড়াইটা হবে সমানে সমান। আগেরবার আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের কারণে বিএনপির মনিরুল হক সহজে গোল দিতে পেরেছেন। এবার কী হবে?

মতবিনিময় সভায় একজন দায়িত্বশীল কর্মকর্তা বললেন, নির্বাচনের দিন কুমিল্লা হবে সেমি ক্যান্টনমেন্ট বা আধা সেনানিবাস। তিনি বলতে চেয়েছেন, সেনানিবাসের ভেতরে যেমন কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হয় না, সবকিছু নিয়মের মধ্যে হয়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সে রকম হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব আশ্বাস সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েই গেছে। বিএনপির নেতা-কর্মীরা মনে করছেন, ভোট গ্রহণের দিন বাইরে সবকিছু ঠিক থাকলেও কেন্দ্রের ভেতরে ভোট নিয়ে নয়ছয় করতে পারে সরকারি দল। উদাহরণ হিসেবে তাঁরা সম্প্রতি অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচনের কথা বলেছেন। তাঁরা মনে করেন, ‘বিএনপির জয় আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে।’ সিটি করপোরেশনে সেই আশঙ্কা আছে। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ব্যালট বাক্সে সিল মারারও অভিযোগ উঠেছে। সম্প্রতি বিএনপির একজন কর্মীকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তারের অভিযোগ আসায় নির্বাচন কমিশন তাঁকে বদলি করে দিয়েছে। এটি প্রতীকী পদক্ষেপ না কমিশনের দৃঢ়তার প্রকাশ, বোঝা যাবে শিগগিরই।

আওয়ামী লীগ ও বিএনপি যে কুমিল্লা সিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে, তা বোঝা গেল দুই দলেরই ডজন ডজন নেতা-কর্মী ঢাকা থেকে গিয়ে নির্বাচনী প্রচারে নামায়। অনেকে দলীয় প্রার্থীর সঙ্গে জনসংযোগ করছেন। আবার কেউ কেউ ভোটের দিন কে কোথায় থাকবেন, কেন্দ্রে কারা পোলিং এজেন্ট হবেন, সেসব নিয়ে ব্যস্ত।

আমরা যদি ধরে নিই নারায়ণগঞ্জের মতো কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনটিও সুষ্ঠু ও অবাধ হবে, সে ক্ষেত্রে ফলাফল কেমন দাঁড়াতে পারে? এ নিয়ে দুই দলের নেতা-কর্মী-সমর্থক ছাড়াও বিভিন্ন পেশার মানুষকে জিজ্ঞেস করেছি। তাঁদের কথাবার্তায় যেসব ব্যাখ্যা-বিশ্লেষণ বেরিয়ে এসেছে, সেটাই পাঠকের সামনে হাজির করছি। তাঁদের কথা হলো, এবারের নির্বাচনে কি ২০১২ সালের পুনরাবৃত্তি ঘটবে, না সিটি করপোরেশন একজন নারী মেয়র পাবে, সেটি নির্ভর করছে অনেক ‘যদি’ ও ‘কিন্তুর’ ওপর। ২০১২ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক (যদিও দল নির্বাচন বর্জন করায় তিনি ছিলেন স্বতন্ত্র প্রার্থী) জিতেছিলেন ২৯ হাজার ভোটের ব্যবধানে। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আফজল খান। তখন আওয়ামী লীগে ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন। এবার ধানের শীষ নিয়ে লড়ছেন বিদায়ী মেয়র মনিরুল হক। আর আওয়ামী লীগের নৌকা পেয়েছেন আফজল খানের মেয়ে সাবেক কাউন্সিলর আঞ্জুম সুলতানা সীমা। কোনো দলেই বিদ্রোহী প্রার্থী নেই। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের নেতা-কর্মী ও সমর্থকেরাই বলছেন, ‘আমরাই জিতব।’ কিন্তু শুধু দলীয় সমর্থকদের ভোটে কেউ জিততে পারবেন না। জয়ের জন্য দলের বাইরের ভোটারদের সমর্থন লাগবে। সেই সমর্থন যিনি বেশি আদায় করতে পারবেন, তিনিই জয়ী হবেন।

কুমিল্লা সিটি নির্বাচনে আরও কিছু বিষয় ভোটের ফলাফলকে প্রভাবিত করবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রথমত, কুমিল্লায় নারী ভোটার বেশি। এর কারণ জিজ্ঞেস করলে স্থানীয় লোকজন বলেন, কুমিল্লায় প্রবাসী কর্মজীবী বেশি থাকেন। তাঁদের স্ত্রী ও সন্তানেরা এখানে আছেন এবং ভোটার হয়েছেন। তাঁদের মতে, এই নারী ভোটাররা যে প্রার্থীর দিকে বেশি ঝুঁকবেন, তাঁর জয়ের সম্ভাবনা বেশি। বিগত নির্বাচনে নারী ভোটের বেশির ভাগ মনিরুল হকের পক্ষে পড়েছিল বলে অনেকে মনে করেন। কিন্তু এবার তাঁর প্রতিদ্বন্দ্বী একজন নারী। ফলে প্রার্থী, দল ও পরিবার এই তিন সমীকরণই কাজ করবে বলে ধারণা।

অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২ লক্ষাধিক ভোটারের মধ্যে প্রায় ৪২ হাজার সংখ্যালঘু ভোটার। প্রায় সব জায়গায় সংখ্যালঘু ভোটাররা দল বেঁধে আওয়ামী লীগকে ভোট দিলেও ২০১০ সালে চট্টগ্রাম ও ২০১২ সালে কুমিল্লা সিটি করপোরেশনে তার ব্যতিক্রম ঘটেছে। রাজনৈতিক দল হিসেবে সংখ্যালঘুরা বিএনপিকে পছন্দ করে না। কিন্তু স্থানীয় সমীকরণ এবং অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে বিগত নির্বাচনে মনিরুল তাঁদের ভোট পেয়েছেন। সেবার দলীয় প্রতীকে ভোট ছিল না। এবার দলীয় প্রতীকেই ভোট হচ্ছে। অতএব, আগের সমীকরণ পাল্টেও যেতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার খুবই প্রভাবশালী নেতা। কুমিল্লা অঞ্চল থেকে আওয়ামী লীগের দুজন প্রভাবশালী মন্ত্রী (পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও রেলমন্ত্রী মুজিবুল হক), নগরে তাঁদের প্রভাব কম। আবার কুমিল্লায় আওয়ামী লীগে আফজল খান-বাহার দ্বন্দ্বও দীর্ঘদিনের। এই নির্বাচন তথা আওয়ামী লীগের প্রার্থী সীমা সেই দ্বন্দ্ব কাটিয়ে উঠে কতটা দলকে ঐক্যবদ্ধ করতে পারবেন, তার ওপরও নির্ভর করছে ভোটের গতিপ্রকৃতি। এই বিরোধের বিষয়টি মাথায় রেখেই সম্ভবত গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে আঞ্জুম সুলতানা বলেছেন, ‘কুমিল্লার রাজনীতির গতিপথ নির্ধারিত হবে এই নির্বাচনে। দীর্ঘ সময় রাজনৈতিক কর্মকা- করতে গিয়ে যদি কেউ আমার কিংবা আমার পরিবারের কোনো কর্মকা-ে মনঃক্ষুণœ হয়ে থাকেন, আশা করি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আওয়ামী লীগ-দলীয় প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হলেও কখনোই দলের বা পরিবারের মেয়র হব না।’

বিএনপির মনিরুল হকও দুই-এক দিনের মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। সেখানেও তিনি গত পাঁচ বছরে তাঁর সাফল্য-ব্যর্থতার খতিয়ান দেবেন। ভিন্ন দলের মেয়র বলে তিনি সরকারের কাছ থেকে কাক্সিক্ষত বরাদ্দ পাননি অভিযোগ করেছেন। তবে যেটুকু পেয়েছেন, তা-ও নিজের ইচ্ছেমতো খরচ করতে পারেননি। সিটি করপোরেশনের কাজেরও একাংশ মন্ত্রী ও সাংসদের সমর্থকদের ভাগ করে দিয়ে গদি টিকিয়ে রাখতে হয়েছে তাঁকে। অন্য সিটি করপোরেশনের মেয়রদের সরকার যে দৌড়ের ওপর রেখেছে, কুমিল্লার মনিরুল ও বরিশালের কামালই তার ব্যতিক্রম, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন রয়েছে।

৩০ মার্চের পরও কুমিল্লায় রাজনীতির পুরোনো সমীকরণ চলবে, না নতুন সমীকরণ হবে, সেটি দেখার জন্য আমাদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। ভোটের লড়াইয়ে যে-ই জিতুক, নির্বাচনটি যেন না হারে।

একনজরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

*আয়তন ৫৩ দশমিক ০৪ বর্গকিলোমিটার

*মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬

*নারী ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯

*পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৪৭ জন

*নির্বাচনী ওয়ার্ড ২৭টি

*সংরক্ষিত নারী আসন ৯টি

*মেয়র প্রার্থী ৪ জন

*সাধারণ কাউন্সিলর প্রার্থী ১০৪ জন

*নারী কাউন্সিলর প্রার্থী ৪০ জন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি