পূর্বাশা ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে গতকাল বুধবার ব্যাপক গণসংযোগ চালিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সেই সঙ্গে দুই প্রার্থী মাঠে তৎপর ছিলেন। নির্বাচনের বাকি আর মাত্র এক সপ্তাহ। তাই দম ফেলার ফুরসত নেই তাঁদের।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এবং বিএনপির মো. মনিরুল হক সাক্কুর সঙ্গে গণসংযোগে ছিলেন দলীয় নেতা-কর্মীরা। গরমের মধ্যে বিরামহীনভাবে চলে প্রচারণা। ৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উভয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা গতকাল সকালে ২৩ নম্বর ওয়ার্ডের জয়পুর, ২২ নম্বর ওয়ার্ডের শাকতলা, নোয়াগাঁ এবং আশ্রাফপুরে গণসংযোগ চালান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন। কুমিল্লা মেডিকেল কলেজে গণসংযোগ চালান স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইকবাল আর্সলান, মহাসচিব এম এ আজিজ, কুমিল্লা জেলা সভাপতি আবদুল বাকী আনিছ, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম প্রমুখ।
বিএনপির মনিরুল হক নগরের ১৫ ও ১৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ।
এদিকে গতকাল নগরজুড়ে মাইকিংয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ছিল।

















































