শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪ মেডিকেলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা মানসম্মত নয়। এছাড়া টাকার বিনিময়ে বেআইনিভাবে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে ফলে চিকিৎসা খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। সম্প্রতি আইন কমিশনের তদন্তে এসব তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আইন কমিশনের প্রতিবেদনের তথ্য সঠিক নয় বলে মত প্রকাশ করেছেন বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

চট্টগ্রামের ইউনিভার্সিটি অফ সায়েন্স এ্যান্ড টেকনোলজির মেডিকেল শাখায় প্রতি বছর ১২০ জন শিক্ষার্থী ভর্ভির নিয়ম থাকলেও গত তিন বছরে ভর্তি করা হয়েছে এক হাজার জন। অর্থাৎ ৬শ’ ৪০ জন শিক্ষার্থীকে বেআইনিভাবে ভর্তি করা হয়েছে। এই অপরাধে এমবিবিএসের শিক্ষার্থীদের নিবন্ধন দেইনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-বিএমডিসি। প্রতিবাদে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এরকম একাধিক অভিযোগের অনিয়ম পাওয়া গেছে ৭২টি বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে। আইন কমিশনের প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারের নিয়ম না মেনে ভর্তি পরীক্ষায় নির্ধারিত নম্বরের থেকে কম পাওয়া শিক্ষার্থীদের সুযোগ দেয়া হচ্ছে। এছাড়া, শিক্ষক ও অবকাঠামো সংকট তো রয়েছেই।

এই প্রতিবেদনের সাথে একমত পোষণ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে কমিশন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ডা. রুস্তম আলী ফরাজী জানান, ‘বেসরকারি মেডিকেলে শিক্ষা নিয়ে ঝালমুড়ির ব্যবসা করতে পারবে না। আমরা এই বিষয়গুলো সংসদে শক্তভাবে তুলে ধরব। এদেরকে এখনই নিয়ন্ত্রণে আনতে হবে।

তবে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে, কিছু সীমাবদ্ধতা থাকলেও বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার মান ভালো। গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ আজাহার জানান, ‘বেসরকারি মেডিকেলে শিক্ষা ব্যবস্থা এখন অনেক ভালো। কিছু সীমাবদ্ধতা থাকলেও এখান থেকে দক্ষ চিকিৎসকই তৈরি করা সম্ভব হচ্ছে।’

এদিকে আইন কমিশনের প্রতিবেদন অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করবে বিএমডিসি। বিএমডিসির সদস্য সচিব অধ্যাপক শারফুদ্দিন আহমেদ জানান, ‘আমরা সুপারিশগুলো দেখেছি। আসলে বেসরকারি মেডিকেলগুলোকে কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমরা সমন্বয় করে কাজ করব।’

এরইমধ্যে চারটি মেডিকেলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তও নিয়েছে বিএমডিসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি