
স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে পিএসজির মাঠে গিয়ে ৪-০ গোলে হেরে এসেছিল বার্সেলোনা। সবাই ধরে নিয়েছিল, দ্বিতীয় রাউন্ড থেকে নিশ্চিত বিদায় কাতালনদের। কারণ, ফিরতি লেগে নিজেদের মাঠে ৫-০ ব্যবধানে জিততে হবে বার্সাকে। সেই হিসেব ওলট-পালট করে দিয়ে ৬-১ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে বার্সা। ইনজুরি সময়ে সার্জি রবার্তোর গোলের পরই বুনো উল্লাসে মেতে ওঠে পুরো ন্যু ক্যাম্প।
শুধু ন্যু ক্যাম্পের দর্শকরাই নয়, সেই বুনো উল্লাসে মেতে উঠেছিলেন বার্সেলোনার খেলোয়াড় থেকে কর্মকর্তারাও। এমনকি সার্জি রবার্তো গোলে পর দেখা গেছে লিওনেল মেসি পর্যন্ত সেই বুনো উল্লাসে মেতে উঠেছিলেন।
বার্সার এই বুনো উল্লাস কিন্তু সীমা ছাড়িয়ে গিয়েছিল। টুর্নামেন্টটির অভিভাবক সংস্থা উয়েফার খেলার বিজয় উদযাপনে যে নীতিমালা রয়েছে সেটার সুস্পষ্ট লঙ্ঘণ করেছেন বার্সার খেলোয়াড়, কর্মকর্তা এবং দর্শকরা। সে কারণে বার্সাকে জরিমানা করেছে উয়েফা। ১৯ হাজার ইউরো জরিমান গুনথে হচ্ছে এখন বার্সেলোনাকে।
শুধু বার্সেলোনাই নয়, জরিমানার কবলে পড়েছে ইতালিয়ান ক্লাব ন্যাপোলিও। ওই ম্যাচে অবশ্য বিজয় উদযাপন নয়, ন্যাপোলির সমর্থকরা ক্ষোভের উদগিরণ ঘটিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে পরাজয়ের কারণে। ওই পরাজয়ের পর লেজার রশ্মি নিক্ষেপ, আগুন জালানো, বিভিন্ন দ্রব্য মাঠে ছুড়ে মারার অপরাধে ন্যাপোলিকে ৩৮ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।
























































