
পূর্বাশা ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করার আহ্বান জানানো হচ্ছে পুলিশের হ্যান্ড মাইক থেকে।
শুক্রবার ভোররাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকায় সোয়াট টিমকে খবর দেয়া হয়েছে। তারা সিলেটে পৌঁছলেই অভিযান শুরু করা হবে। বর্তমানে র্যাব ও পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
যে বাড়িকে ঘিরে রাখা হয়েছে সে বাড়ির আশপাশে স্থানীয় জনসাধারণদের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। ৫তলা ভবনের ওই বাড়িতে বাড়িওয়ালার পাশাপাশি বেশ কিছু ভাড়াটেও রয়েছেন।
সকালে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে নিরাপত্তার কারণে তাদেরকে বাড়ির কাছে যেতে দেয়া হয়নি। প্রত্যক্ষদর্শী নাফিজ নামে এক এলাকাবাসী জানান, তারা ওই বাড়িটি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সবাই অবস্থান করছেন। সেখান থেকেই পুলিশের গুলি এবং বাড়ির ভেতর থেকে ছোড়া গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে।
আলী নামের এক ব্যক্তির বাড়ি এটি। ওই বাড়িটির প্রতি ফ্লোরে কতগুলো ফ্ল্যাট আছে এবং সেখানে কতগুলো পরিবার বসবাস করে, অন্য পরিবারগুলোর কী অবস্থা-এসব বিষয়ে এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে জনবহুল এই এলাকায় ওই বাড়ির আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকনউদ্দীন জানিয়েছেন, ঢাকা থেকে সোয়াতের একটি দল রওয়ানা হয়েছে। তারা সিলেট পৌঁছলেই বাড়িটিতে মূল অভিযান শুরু হবে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আটক সন্দেহভাজন বেশ কয়েকজন জঙ্গির কাছ থেকে তথ্য পেয়ে এই আস্তানাটার কথা জেনেছেন তারা।























































