মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের জয়ে শুরুর আশা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কার শক্তিমত্তার ব্যবধানটা এখন আর যোজন, যোজন নয়। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেই প্রমাণ হয়ে গেছে সাঙ্গাকারা-জয়াবর্ধনে উত্তর শ্রীলঙ্কাকে দুমড়ে-মুচড়ে দেয়ার সামর্থ্য আছে বাংলাদেশের। শততম টেস্টে জয়, টেস্ট সিরিজ ড্র করার আত্মবিশ্বাস সঙ্গী করে প্রিয়তম ফরম্যাট ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

ডাম্বুলায় আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়।

ডাম্বুলায় বাংলাদেশের স্মৃতি সুখকর নয়। এ মাঠে তিন ম্যাচ খেলে সবকটিই হেরেছিল বাংলাদেশ ২০১০ সালে। যদিও সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের উত্থান এর পরেই হয়েছে। সর্বশেষ দুই ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হারলেও লঙ্কানদের বিপক্ষে চাঙ্গা বাংলাদেশ শিবির।

বিশেষ করে কন্ডিশন আরও উদ্দীপ্ত করবে সফরকারীদের। ডাম্বুলার উইকেট বেশ স্লো। এখানে মাত্র দুবার তিনশোর বেশি রান হয়েছে। আর সহজেই অনুমেয় স্লো উইকেটে মুস্তাফিজুর রহমান হতে পারেন বাংলাদেশের মূল অস্ত্র। আবার দেখা যেতে পারে মুস্তাফিজের কাটার, স্লোয়ারের জাদু। স্পিন বিভাগও সমৃদ্ধ। তাছাড়া এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখনই বড় কিছুর ভাবনা বাদ দিয়ে প্রথম ম্যাচের দিকেই তাকিয়ে আছেন। জয় দিয়ে সিরিজ শুরু করতে চান তিনি। ফ্লাডলাইটের আলোয় অনুশীলনের আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘প্রথমত, আমি কখনওই বাড়তি কথা বলি না। আর দ্বিতীয়ত, টেস্টের চেয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কা অনেক পরিণত দল। তাই যতটা সহজ ভাবা হচ্ছে, বিষয়টা আসলে ততটাও সহজ নয়। ওদের দারুণ কিছু খেলোয়াড় আছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে।’

এজন্য আজ সিরিজের প্রথম ম্যাচকেই গুরুত্বপূর্ণ বলছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘প্রতিটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেও আমরা অনেকগুলো ম্যাচ ভাল শুরু করেছিলাম। কিন্তু শেষটা ভাল হয় নাই। সবগুলো ম্যাচ ভাল খেললে সিরিজে ভাল ফল আসতে পারে।’

উইকেটের কন্ডিশন দেখে আজ সকালেই ঠিক হতে পারে বাংলাদেশের একাদশ। বৃহস্পতিবার ঢাকা থেকে উড়ে যাওয়া মেহেদী হাসান মিরাজের অভিষেক হয়ে যেতে পারে আজ। স্পিন সহায়ক উইকেট থাকলে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামও পেতে পারেন ওডিআই ক্যাপ। সবমিলিয়ে সেরা কম্বিনেশন খুঁজে বের করবেন বলেই জানিয়েছেন মাশরাফি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৮ ওয়ানডেতে বাংলাদেশের জয় চারটি। যার একটি ২০১৩ সালে শ্রীলঙ্কার মাটিতে। ৩৩ জয় থাকলেও স্বস্তিতে নেই স্বাগতিকরা। ওয়ানডে সিরিজের কৌশল নির্ধারণেই গলদঘর্ম হতে হচ্ছে লঙ্কানদের। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, বোলিংয়ে প্রধান অস্ত্র লাসিথ মালিঙ্গাকে পাচ্ছে না দলটি। মারকুটে ওপেনার কুশাল পেরেরাও প্রথম দুই ওয়ানডে খেলতে পারবেন না।

সাম্প্রতিক পরিসংখ্যানও বলছে ওয়ানডেতে ধুঁকছে লঙ্কানরা। ২০১৫ সাল থেকে নয়টি সিরিজ খেলেছে ছয়টিতেই হেরেছে তারা। জিতেছে তিনটিতে। তাই ঘরের মাঠে উপল থারাঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কাকে বড়সড় পরীক্ষাই দিতে হবে বাংলাদেশের সামনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি