শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জনসংখ্যার তুলনায় বাড়েনি মৌলিক সুবিধা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭


ডেস্ক রিপোর্ট :

সিটি করপোরেশন হওয়ায় দিন দিন কুমিল্লা শহরে নাগরিকের সংখ্যা বাড়লেও বাড়ছেনা নাগরিকদের মৌলিক সুযোগ সুবিধা। নগরীতে বসবাস করা কয়েক লাখ শিশু কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নেই পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র। তাই ভোটাররা বলছেন, এবারের নির্বাচনে যে প্রার্থী এসব সমস্যা সমাধানে গুরুত্ব দেবেন তারা তাকেই বেছে নেবেন।

ঈদগাহ মাঠে একই সময়ে এলোমেলোভাবে বিশ থেকে পঁচিশটি ক্ষুদে দল খেলছে ব্যাট বলের ক্রিকেট খেলা। কোন দিক থেকে কে কার বল মারছে তারও কোন ঠিক নেই। তার ওপরে ঈদগাহ মাঠ হওয়ায় মাটির বদলে কংক্রিট। তাই রয়েছে পড়ে গিয়ে হাত পা ভাঙার ঝুঁকিও।

পুরো সিটি করপোরেশন এলাকায় এই একটিমাত্র উন্মুক্ত মাঠ থাকায় এভাবেই নানা বাঁধা ও ঝুঁকি উপেক্ষা করে সেখানে খেলতে বাধ্য হচ্ছে কুমিল্লা নগরীর শিশু কিশোররা।

পাঁচ লাখ নাগরিক বসবাসের এ কুমিল্লা সিটিতে সিটি করপোরেশনের অধীনে বিনোদনের জন্য একটি মাত্র পার্ক থাকলেও বয়স্কদের জন্য নেই হাটার পর্যাপ্ত জায়গা। তাই ভোটাররা বলছেন, এসব বিবেচনা করেই এবার তারা ভোটকেন্দ্রে যাবেন।

যদিও নির্বাচনী ইশতেহারে মেয়র প্রার্থীরা বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে এসব বিষয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তা বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের মাঝে।

তারা বলছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা খেলাধুলা ও বিনোদনের সুযোগ করে না দিতে পারলে জঙ্গিবাদসহ নানা অপকর্মে জড়িয়ে পরতে পারে ভবিষ্যৎ প্রজন্ম।

২৭/০৩/১৭ইং , চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি