শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মৌসুমী-মিমের দ্বন্দ্ব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:
মৌসুমী আর মিমের সম্পর্কের অবনতি ঘটেছে। কেন এই অবনতি। মৌসুমী তার বোন মিমকে নিজের স্বামীর সঙ্গে অন্যরকম অবস্থায় দেখে ফেলেছেন। অথচ দুই বোনের মধ্যে ছিল মধুর সম্পর্ক। ছোট বোনের সুখের জন্য মৌসুমী সন্তান পর্যন্ত নেননি। সেই বোন আজ তাকে এমন দুঃখ দিল। এই ঘটনা ঘটেছে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে। ছবির নির্মাতা মনতাজুর রহমান আকবর বলেন, চরম সাসপেন্স আর ফ্যামেলি ড্রামা থাকছে ছবির গল্পে। মৌসুমীর স্বামী হলেন ডিপজল। দুলাভাই অনেক স্নেহ করেন শ্যালিকা মিমকে।
মিম ভালোবাসেন বড়লোক আহমেদ শরীফের ছেলে বাপ্পীকে। ডিপজল আর মৌসুমী মেনে নিতে পারছেন না এই প্রেম। কারণ আহমেদ শরীফ গরিব মানুষকে একদম সহ্য করতে পারেন না। একদিন স্নেহ করে শ্যালিকা মিমকে বুকে টেনে নিয়ে বাপ্পীকে ভালো না বাসার জন্য অনুরোধ জানান ডিপজল। আর দূর থেকে এই দৃশ্য দেখে ভুল বোঝেন মৌসুমী।   অভিনেতা নাদির খান প্রযোজিত রাজেশ ফিল্মসের এই ছবির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় লটের কাজ শুরু হবে আগামীকাল থেকে সাভারের ফাহিম শুটিং স্পটে। ছবিটি ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে বলে জানা গেছে।
পূর্বাশানিউজ/২৭-মার্চ/ফারজানা


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি