
পূর্বাশা ডেস্ক:
সংগীত তারকা নাজমুন মুনিরা ন্যান্সি। ক্যারিয়ারের শুরু থেকেই গান নিয়ে চলছে তার ব্যস্ততা। এরই মধ্যে চলচ্চিত্রে ধারাবাহিকভাবে অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। চলতি প্রজন্মের মধ্যে সিনেমার গানের অন্যতম সফল শিল্পী হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন তিনি। পাশাপাশি অ্যালবামেও নিয়মিত গান করছেন। সব মিলিয়ে গান নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন এ সংগীত তারকা। গত বছরের মতো করে স্টেজ, অ্যালবাম ও প্লেব্যাক ব্যস্ততার ধারাবাহিকতা এ বছরও রয়েছে তার। ঢাকা ও ময়মনসিংহ মিলিয়ে তিনি এখন থাকছেন। রেকর্ডিং ও শো এর ব্যস্ততা থাকলে ঢাকায় টানা থাকছেন। কিছুটা অবসর পেলেই পারি জমান ময়মনসিংহে। সব মিলিয়ে কেমন আছেন? ন্যান্সি বলেন, আমি বেশ ভালো আছি। গান ও পরিবার নিয়ে ভালো কেটে যাচ্ছে সময়। তবে একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে চলতি সময়টা। আমিতো টিভি চ্যানেলের অনুষ্ঠানে সময় তেমন একটা দিতে পারি না। স্টেজ শো, গান রেকর্ডিং নিয়েই মূল ব্যস্ততা। গত বছরের শেষের দিনটিতে সংগীতা থেকে আপনার ‘যতনে’ শীর্ষক ইপি অ্যালবাম প্রকাশ হয়েছে। সাড়া কেমন পেয়েছেন? ন্যান্সি বলেন, সাড়া ভালোই পেয়েছি। গানগুলো শুনে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এখন সে গানগুলোর মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। বেশ ভিন্ন আঙ্গিকেই তা হচ্ছে বলা যায়। সেগুলো প্রকাশ পেলে হয়তো আরো ভালোভাবে গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছবে। পহেলা বৈশাখেও তো নতুন অ্যালবাম আসছে? ন্যান্সি বলেন, হ্যা, এটা পাকাপাকি যে পহেলা বৈশাখে নতুন অ্যালবাম আসছে। তবে তার সম্পূর্ণ তথ্য এখনই আমি দিতে চাচ্ছি না। সবাই একবারেই জানবেন বিষয়টি। এদিকে গত কয়েক দিন বেশ কিছু সিনেমার গান নিয়েও ব্যস্ত থেকেছেন এ শিল্পী। এরই মধ্যে তিনি গেয়েছেন ভৌতিক ছবি ‘ম্যানশন ৯৯‘-তে। এখানে ইমরানের সঙ্গে দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন তিনি। এছাড়াও আরও কয়েকটি প্লেব্যাক করেছেন ন্যান্সি। আর কদিন পরেই মুক্তি পাচ্ছে ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি। এ ছবিতেও একটি গান গেয়েছেন তিনি। সব মিলিয়ে চলচ্চিত্রের গানের অবস্থা এখন কেমন? ন্যান্সি বলেন, ভালোই। এখন ভালো ভালো গান হচ্ছে। সে গানগুলো আবার উঠেও আসছে। সিনেমার গানই আসলে থাকবে যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত। ভালো গানগুলো আসলে হারিয়ে যাওয়ার নয়। অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন দেখছেন এখন? ন্যান্সি বলেন, গত বছর যে ভালো অবস্থাটা শুরু হয়েছিলো তা এখনও অব্যাহত আছে। তবে গত বছরের মতো নয়। একটু মনে হচ্ছে এ বছর। আমি বেশ কিছু কাজ করেছি। সামনেও কাজ করার কথাবার্তা হচ্ছে। সব মিলিয়ে ইন্ডাস্ট্রি নিয়ে আমি অনেক আশাবাদী। আপনার পরে যারা সংগীতে এসেছেন তাদের গান কেমন লাগে? ন্যান্সি বলেন, আমি অনেকের গান ব্যাক্তিগতভাবে পছন্দ করি। অমি নাম বলতে চাই না। তবে যাদের আমি পছন্দ করি তারা ঠিকই জানে। কারণ ভালো কাজ করলেতো সেটা বলতে কোন সমস্যা নাই। আমি এখনকার অনেকের গান শুনি। আমার ভালো লাগে। আর সামনে তারা আরো ভালো করবে বলে আমার মনে হয়। সংসার কেমন চলছে? ন্যানসি বলেন, খুব ভালো। স্বামী ও দুই মেয়েকে নিয়ে আমার সংসার। ওদের নিয়েই আমার অনেকটা সময় কেটে যায়। মেয়ে দুটো এখন বড় হচ্ছে। ওদের প্রতি খেয়ালটা বেশি রাখতে হয়। সেটাই করছি। দোয়া করবেন যেন এভাবেই সারাজীবন ভালোভাবে কাটিয়ে দিতে পারি।
পূর্বাশানিউজ/২৮-মার্চ ২০১৭/মাহি

























































