
পূর্বাশা ডেস্ক:
প্রায় চার দশকের পথচলায় দুর্দান্ত এক অভিনেতার পরিচয়েই দাপিয়ে বেড়াচ্ছিলেন ঢাকার চলচ্চিত্র। মুক্তি পাওয়া ৮০০ ছবিতে অভিনয় করেছেন। কাজ করছিলেন নির্মাণাধীন আরো কয়েকটি ছবিতে। এরই মধ্যে অকস্মাৎ চলে গেলেন না ফেরার দেশে। বলা হচ্ছে ঢালিউডের শক্তিমান অভিনেতা মিজু আহমেদের কথা। মূলত একজন খল অভিনেতা হিসেবেই বেশি পরিচিতি ছিল তার। গত সোমবার সন্ধ্যার পর আহমেদ ইলিয়াসের পরিচালনায় ‘মানুষ কেন অমানুষ’ নামের একটি ছবির শুটিংয়ে অংশ নেয়ার জন্য ট্রেনযোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশে রাজধানীর বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। রাত ৮টা ২০ মিনিটের দিকে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এ সময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তার হার্টবিট পাননি। পরে তাৎক্ষণিকভাবে সেখান থেকে মিজু আহমেদকে রাজধানীর কুর্র্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার বয়স ছিল ৬৩ বছর। এদিকে সোমবার রাতে মিজু আহমেদের মরদেহ রাজধানীর পান্থপথস্থ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়। গতকাল সকাল ১০টায় একই এলাকায় বাসার সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকাবাসী ও আত্মীয়স্বজন। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে দ্বিতীয় জানাজার জন্য শেষবারের মতো তার প্রিয় কর্মস্থল বিএফডিসিতে নেয়া হয় মরদেহ। জানাজার আগে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান জাভেদ, ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, ওমর সানী, আমিন খান, মিশা সওদাগর, সাইমন, জায়েদ খান, শেখ নজরুল ইসলাম, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, রশিদুল আমিন হলি, মিয়া আলাউদ্দিন প্রমুখ। এ সময় পরিচালক শেখ নজরুল ইসলাম বলেন, আমার হাত ধরে মিজু আহমেদ চলচ্চিত্রে এসেছিলেন। তার জানাজা পড়তে অনেক কষ্ট হচ্ছে আমার। এফডিসির জানাজা শেষে তাকে জন্মস্থান কুষ্টিয়ার কোর্টপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ মাগরিব মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়। মিজু আহমেদ ১৯৫৩ সালের ১৭ই নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হচ্ছে মিজানুর রহমান। শৈশব থেকেই তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন। পরে কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলের সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন মিজু আহমেদ। পরবর্তী কয়েক বছরে ঢালিউডে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এ ছাড়া নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজের ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে মহানগর (১৯৮১), সারেন্ডার (১৯৮৭), চাকর (১৯৯২), সোলেমান ডাঙ্গা (১৯৯২), ত্যাগ (১৯৯৩), বশিরা (১৯৯৬), আজকের সন্ত্রাসী (১৯৯৬), হাঙর নদী গ্রেনেড (১৯৯৭), কুলি (১৯৯৭), লাঠি (১৯৯৯), লাল বাদশা (১৯৯৯), গুণ্ডা নাম্বার ওয়ান (২০০০), ঝড় (২০০০), কষ্ট (২০০০), ওদের ধর (২০০২), ইতিহাস (২০০২), ভাইয়া (২০০২), হিংসা প্রতিহিংসা (২০০৩), বিগ বস (২০০৩), আজকের সমাজ (২০০৪), মহিলা হোস্টেল (২০০৪), ভণ্ড ওঝা (২০০৬) ইত্যাদি। সবশেষ শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ ছবিতে কাজ করেন এই অভিনেতা। ‘তৃষ্ণা’ ও ‘ত্রাস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মিজু আহমেদ। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক-পরিবেশক ও হল মালিক সমিতি, বাচসাস এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।
২৯ মার্চ ২০১৭,/ চৈতি।

























































