সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অবশেষে একসঙ্গে দেখা দিলেন রণবীর-দীপিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাদের প্রেম ও ব্রেকআপের খবর নতুন নয়। এক সময় শোনা যায় বিয়ে করছেন, আবার শোনা যায়, মুখ দেখা বন্ধ করে দিয়েছেন তারা। যদিও প্রেম করছেন এ বিষয়টিও স্বীকার করেননি এই জুটি।

এদিকে কয়েকদিন ধরেই গুঞ্জন, ব্রেকআপ হয়েছে রণবীর-দীপিকার। প্রায় সময়ই বিভিন্ন অনুষ্ঠানে অথবা অ্যাওয়ার্ড শোয়ে এ জুটিকে একসঙ্গে দেখা যেতো। কিন্তু সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকা উপস্থিত থাকলেও ছিলেন না রণবীর। আবার হাসপাতালে ভর্তি রণবীরকে দেখতে যাননি দীপিকা। এরপরই তাদের ব্রেকআপের গুঞ্জন আরো জোড়ালো হয়। শুধু তাই নয়, শোনা যায়, নির্মাতা সঞ্জয়লীলা বানসালির নির্দেশেই নাকি দীপিকা থেকে দূরে থাকছেন রণবীর। জানা গেছে, পরিচালক নায়ক-নায়িকাকে কড়া নির্দেশ দিয়েছেন- প্রকাশ্যে একেবারেই একে অন্যের সঙ্গে ফ্রেম শেয়ার করতে পারবেন না তারা। এই নিষেধাজ্ঞা চলবে সিনেমার প্রমোশনের আগ পর্যন্ত।

পদ্মাবতী সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর-দীপিকা। এ সিনেমার শুটিংয়ের শুরু থেকেই নানা ঝামেলা পোহাতে হচ্ছে সঞ্জয়কে। একাধিকবার হামলার শিকারও হয়েছেন এ সিনেমার নির্মাতা ও সিনেমা সংশ্লিষ্টরা। এজন্য নতুন করে বিতর্ক চান না পরিচালক-প্রযোজক। তাই সিনেমার প্রচারণার আগে দীপিকা-রণবীরকে প্রকাশ্যে না আসার পরামর্শ দিয়েছেন এই নির্মাতা।

কিন্তু এতো গুঞ্জনের মাঝে অবশেষে একসঙ্গে দেখা দিলেন রণবীর-দীপিকা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিমানবন্দরে তোলা একসঙ্গে এ দুজনের ছবি প্রকাশ পেয়েছে। তবে দুজনের একসঙ্গে ছবি তোলাতে খুশি হতে পারেননি রণবীর। অন্যদিকে সাবলীলভাবেই ছিলেন দীপিকা।

সঞ্জয় লীলা বানসালির রাম লীলা সিনেমার শুটিং সেটে দীপিকা-রণবীরের পরিচয় হয়। এরপর এ নির্মাতার বাজিরাও মাস্তানি সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের। পরবর্তীতে পদ্মাবতী সিনেমায় দেখা যাবে এ জুটিকে।

 

পূর্বাশানিউজ/২৯-মার্চ ২০১৭/ রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি