
পূর্বাশা ডেস্ক:
অভিনয় করতে করতেই ৪০ বছরের অভিনয় জীবনের যবনিকাপাত ঘটল শক্তিমান অভিনেতা মিজু আহমেদের। গত সোমবার সারাদিন ‘অহংকার’ ছবির শুটিং করলেন। পরদিন মঙ্গলবার দিনাজপুরে ‘মানুষ কেন অমানুষ হয়’ ছবির শুটিং। আর এর জন্য সোমবার রাত ৮টার দিকে কমলাপুর স্টেশনে গিয়ে ট্রেনে চড়লেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শেষ যাত্রার ঘণ্টা বেজে উঠল। হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন তিনি। মুহূর্তেই নিভে গেল জীবন প্রদীপ।
এতে করে চলচিত্র জগতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বাংলা চলচিত্র একজন শক্তিমান অভিনেতাকে হারালো বলে মনে করেন মিজু আহমেদের ভক্তরা।
তার এই হঠাৎ প্রস্থানে বিচলিত হয়ে পরেছেন ইন্ডাস্ট্রির অন্যান্য প্রবীণ শিল্পীরা। এখনো বিমূর্ষ হয়ে আছেন বর্ষীয়ান অভিনেতা রাজ্জাক, ফারুক, ববিতা আর শেষ বারের মত তার সাথে কথা বলা অভিনেতা পরিচালক কাজী হায়াৎ।
এদিকে এই ঘটনায় পর চিত্রনায়িকা ববিতা বললেন, কয়েক বছরে একে একে অনেক শিল্পী চলে গেলেন। তাদের শূন্যতা বড় বেদনা দেয়। জানি সবাইকে চলে যেতে হবে। এই চির বিদায়ের ব্যথা বড় কঠিন। মিজু ভাইয়ের মতো একজন দক্ষ অভিনেতা চলে গেলেন। তার শূন্যস্থান কখনো পূরণ হবার নয়। তার আত্মা শান্তিতে থাকুক, তার পরিবারকে বিধাতা এই শোক সহ্য করার শক্তি দেবেন এই প্রার্থনা আমার।
মিজু আহমেদের জন্ম ১৯৫৩ সালের ১৭ নভেম্বর কুষ্টিয়ায়। স্ত্রী পারভীন আহমেদ, দুই মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাতকে নিয়ে ছিল তার পরিবার।
১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন মিজু আহমেদ। পরবর্তী কয়েক বছরে ঢালিউডে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এ ছাড়াও নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজের ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এ পর্যন্ত ৮০০ এর অধিক ছবিতে অভিনয় করেছেন।
পূর্বাশানিউজ/২৯-মার্চ ২০১৭/মাহি

























































