স্টাফ রিপোর্টার:
প্রথম বারের মতো দলীয় প্রতীকে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
কুমিল্লা সদর দক্ষিণের সালমানপুরের শালবন বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিত লক্ষ্য করা গেছে। এই কেন্দ্রে ভোটার রয়েছেন ১ হাজার ৯শ ৩৭ জন। এখানে পুরুষ ও মহিলা পৃথক দুইটি কেন্দ্র করা হয়েছে। পুরুষ কেন্দ্রে রয়েছে ৩টি বুথ ও মহিলা কেন্দ্রে রয়েছে ৩টি বুথ। পুরুষ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে অাছে জাকির হোসেন। মহিলা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে আছেন লুকমান হোসেন।
কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী থাকলেও অনেক কেন্দ্রে দেখা যায়নি বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট। যে সকল ভোটর লাইনে দাঁড়িয়ে আছে তাদের বুকে ঝুলছে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমার নৌকা প্রতীকের কার্ড। কেন্দ্রের আশপাশে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক সমাগম থাকলেও বিএনপির কোন নেতাকর্মী বা সমর্থক কাউকেই দেখা যায়নি।
প্রিজাইডিং জাকির হোসেন বলেন, এই কেন্দ্রে বিএনপির প্রাথী মনিরুল হক সাক্কুর ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টের জন্য কেউ আবেদনই করেনি। এখনো যদি কেউ আবেদন করেন আমরা ব্যবস্থা নেব।
বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু ইতোমধ্যেই কেন্দ্রটিকে অধিক ঝুকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছিলেন।
পূর্বাশানিউজ/৩০-মার্চ,২০১৭/ফারজানা

















































