সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সেরা মডেল অ্যাওয়ার্ড পাচ্ছেন সুজানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭


বিনোদন প্রতিবেদক:

জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর সেরা মডেলের অ্যাওয়ার্ড পাচ্ছেন। তাকে অ্যাওয়ার্ড দিচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘এসই’। এই অ্যাওয়ার্ডের নাম ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’।

আজ সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ছ’টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে সুজানার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে।

জিনিয়াস অ্যাওয়ার্ড আয়োজনের বাংলাদেশের দায়িত্বে রয়েছেন হেলেনা জাহাঙ্গীর হেলেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘জিনিয়াস অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ ইয়াওর। তিনি বাংলাদেশি কিন্তু যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য। প্রতি বছর অনেকগুলো ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ মানুষদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।’

আরও বলেন, ‘এবার ২০ জনকে অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। তারমধ্যে সেরা মডেল হিসেবে সুজানাকে অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে।’

একযুগ ধরে শোবিজে কাজ করলেও প্রথমবারের মতো কোনো অ্যাওয়ার্ড পাচ্ছেন সুজানা। তিনি বলেন, ‘অ্যাওয়ার্ডে প্রতি আমার কোনো দুর্বলতা ছিল না। আর আমাদের চারপাশে যারা অ্যাওয়ার্ড পান তারা অধিকাংশই সঠিক ক্ষেত্রে পান না। ভালো যোগাযোগ থাকার কারণে তাদের অ্যাওয়ার্ড দেয়া হয়।’

সুজানা বলেন, ‘জিনিয়াস অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন তাদের আমি চিনতাম না। আমার কাজ দেখে তারা আমাকে যোগ্য মনে করেই সেরা মডেলের অ্যাওয়ার্ডটি দিচ্ছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরও উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেল হক এমপি, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টাপা, নুর আলি, সোহেল রানা, অঞ্জনা, সুজানা জাফর, ডা. ঝুমু খান, দিঠি আনোয়ার, ড. কামরুল আহসান, হেলেনা জাহাঙ্গীর, খন্দকার ইসমাইল, হাসান আহম্মেদ চৌধুরী কিরণ, অধ্যাপিকা হোসনে আরা ইদ্রিস।

০৩ এপ্রিল ২০১৭, Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি