বেলাল হোসাইন:
২৪ এপ্রিল ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে সারাদেশের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা। এর অংশ হিসেবে কুমিল্লা মহানগর এলাকাতেও মতবিনিময় সভা করেছেন এনডিএম কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। ৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম মহাসচিব ( চলতি দায়িত্ব) অধ্যাপক আব্দুল্লাহ এম. তাহের বলেন, ‘আগামী ২৪ এপ্রিল বাংলাদেশের রাজনীতিতে সংস্কার ও উন্নয়নের ঘোষণা দিবেন এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। দলের সেই ঘোষণাপত্রে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের কর্মসূচির ঘোষণা করবেন তিনি। সারাদেশ থেকে হাজার হাজার নেতা-কর্মী ২৪ এপ্রিল ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মিলিত হবে। আপনাদেরকেও আহ্বান জানাই দেশের স্বার্থে, পরিচ্ছন্ন রাজনীতির স্বার্থে ২৪ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আসুন।’ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারি মোমিনুল আমিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী ইসমাইল হোসেন, এনডিএম’র উপজেলা নেতা হাসান মুহা: জহির, যুব আন্দোলন নেতা বেলাল আহমেদ, প্রফেসর মাসুদ, ছাত্র আন্দোলন নেতা মাহমুদুর রহমান নওশাদ প্রমুখ।
পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/ফারজানা

















































