শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সৌদি ইমামদের বক্তব্য সারা দেশে ছড়িয়ে দিন: প্রধানমন্ত্রী


সৌদি ইমামদের বক্তব্য সারা দেশে ছড়িয়ে দিন: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক: সরকারের জঙ্গিবিরোধী প্রচেষ্টাকে এগিয়ে নিতে ভুমিকা রাখবে সৌদি আরব থেকে আসা ইমামদের বক্তব্য। আর এই বক্তব্য সারাদেশে ছড়িয়ে দিতে উলামা-মাশায়েখদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬ এপ্রিল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এই আহবান জানান। সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য রাখেন সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর দুই সিনিয়র ইমাম।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম আসলে শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। সৌদি আরবের ইমামদের বক্তব্য জঙ্গিবাদ দমনে সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নেবে।

তিনি বলেন, ‘আজ যারা এখানে বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামায়ে ইকরাম এসেছেন, আমরা চাই তারা স্ব স্ব এলাকায় জনগণের কাছে ইসলামের মূল বাণী পৌঁছে দেবেন। আপনারা অন্যদের শিক্ষা দেবেন যেন কেউই অহেতুক জঙ্গিবাদে জড়িয়ে এই ধর্মের মূল বাণীর ক্ষতি না করে।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের এই ভূ-খণ্ডে প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলাম। ইসলামের যে ধর্মীয় শিক্ষা সেটা আমাদের পালন করতে হবে। অন্য ধর্মের মানুষ এখানে বাস করে, তাদের প্রতি আমাদের সম্মান করতে হবে।

ওলামা মহাসম্মেলন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে আর্চওয়ে গেইট। এ ছাড়া বাইরেও তল্লাশি চালানো হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি