শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহানবী (সা.) কোন তারিখে জন্ম গ্রহণ করেন?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

৫৭১ খ্রিস্টাব্দ। দুনিয়ায় আল্লাহ তাআলা প্রেরিত শেষ নবী মুহাম্মদ (সা.) এ বছর জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম তারিখ নিয়ে খুব বেশি বিতর্ক নেই। আগের ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ অবশ্য ৫৭০ খ্রিস্টাব্দ তাঁর জন্ম বছর বলে উল্লেখ করেন। প্রকৃতপক্ষে ৫৭০ খ্রিস্টাব্দে পিতা আবদুল্লাহর ঔরসে ও মাতা আমেনার গর্ভে তিনি আগমন করেন। ৫৭১ খ্রিস্টাব্দে তিনি ভূমিষ্ঠ হন।

খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী তাঁর জন্ম তারিখ ২০ এপ্রিল। আরবি হিজরি সন অনুযায়ী তারিখটি ৯ রবিউল আউয়াল। কোনো কোনো ইতিহাসবিদ বলেছেন, ১২ রবিউল আউয়াল। তবে দিন হিসেবে সোমবার সম্পর্কে মতভেদ নেই। কারণ জীবনচরিতকাররা একমত যে রবিউল আউয়াল মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে সোমবার দিন নবী মুহাম্মদ (সা.)-এর জন্ম। এই সোমবার ৮ অথবা ৯ কিংবা ১২Ñএটুকুতেই হিসাবের পার্থক্য রয়েছে মাত্র। (ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা)

তবে নবী (সা.)-এর প্রথমদিককার জীবনীকারদের অন্যতম ইবনে হিশাম তাঁর গ্রন্থের পাদটীকায় উল্লেখ করেছেন, রাসুল (সা.)-এর জন্ম সম্পর্কে সাধারণত প্রসিদ্ধ উক্তি এই যে তিনি রবিউল আউয়াল মাসে আবির্ভূত হন। তবে যুবায়র বলেছেন, তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেন। কারো কারো মতে, আমিনা গর্ভধারণ করেন আইয়ামে তাশরিকেÑঅর্থাৎ জিলহজ মাসের মাঝামাঝি সময়। এ উক্তি সঠিক হলে রাসুল (সা.)-এর রমজানে জন্মগ্রহণের অভিমত সঠিক। সংখ্যাগুরু ঐতিহাসিকদের বক্তব্য এই যে, হাতিবাহিনী মক্কা শরিফে এসেছিল মহররম মাসে এবং এর ৫০ দিন পর তিনি আবির্ভূত হন। এ মতটিই অধিক প্রচলিত এবং সর্বাধিক প্রসিদ্ধ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌর হিসাবে তাঁর জন্ম তারিখ ২০ সেপ্টেম্বর। তিনি জন্মগ্রহণ করেন মক্কা শরিফের পাহাড়ের উপত্যকায় অবস্থিত বাড়িতে। কারো কারো মতে, সাফা পর্বতের কাছে অবস্থিত বাড়িতে।’ (ইবনে হিশাম : সিরাতুন্ নবী (সা.), ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা, ২০১৩ (তৃতীয় সংস্করণ), পৃষ্ঠা ১৫৭)

নবী (সা.)-এর জন্ম কাহিনীতে হস্তীবর্ষ বা হাতিবাহিনী শব্দগুলো জুড়ে রয়েছে। এটা হলো সুরা ফিলে বর্ণিত ইয়েমেনের বাদশাহ আবরাহা কর্তৃক কাবাঘর ধ্বংস করার অভিযানের বছরের কথা অথবা সে কাহিনীর কথা। ঐতিহাসিকরা মনে করেন, ৫৭১ খ্রিস্টাব্দে আবরাহা কাবাঘর ধ্বংসের জন্য অভিযান পরিচালনা করেছিল। এর ৫০ দিন পরই নবী (সা.) কাবাঘরের সন্নিকটে তাঁর পিতৃভূমিতে জন্মগ্রহণ করেছিলেন।

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি