বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রেমিট্যান্স ও রফতানি আয়ে খরা কাটছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

খরা কাটছে না রেমিট্যান্স ও রফতানি আয়ে। চলতি অর্থবছরের নয় মাসে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বা প্রবাসী আয় কমেছে ১৭ শতাংশ। আবার এই নয় মাসে রফতানি আয় কমেছে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৩০ শতাংশ। বাংলাদেশ ব্যাংক ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৭১১ কোটি ১০ লাখ ডলার।এর বিপরীতে আয় হয়েছে ২ হাজার ৫৯৪ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৩০ শতাংশ কম।

আবার বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৯১৯ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা ১ হাজার ১০৫ কোটি ডলার পাঠিয়েছিলেন। সে হিসাবে এই ৯ মাসে প্রবাসী আয় কমেছে ১৭ শতাংশ।

এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বাংলা ট্রিবিউনকে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রফতানি কমে যাওয়ার কারণে প্রবাসী আয় কমেছে। এছাড়া ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড, ইউরো, মালয়েশিয়ান রিঙ্গিত ও সিঙ্গাপুরি ডলারের মূল্যমানের সাম্প্রতিক সময়ে রেমিটেন্স কমে গেছে।

অবশ্য প্রবাসী আয় বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর চলমান অর্থনৈতিক স্থবিরতা ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় প্রবাসী আয় কিছুটা কমেছে। তিনি বলেন, প্রবাসী আয় কমার কারণ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক বেশ আগে থেকেই তৎপর রয়েছে। প্রবাসী আয় বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা মার্চ মাসে ১০৭ কোটি ৭৪ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। তার আগের মাস ফেব্রুয়ারিতে পাঠিয়েছিলেন মাত্র ৯৪ কোটি ডলারের রেমিট্যান্স। গত বছরের মার্চ মাসে ১২৮ কোটি ৫৬ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল। সে হিসাবে এ বছরের মার্চে রেমিট্যান্স কমেছে ১৬ দশমিক ১৯ শতাংশ।

রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও উদ্বিগ্ন। সম্প্রতি তারা এ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার ব্যাংকগুলোর সঙ্গে বৈঠকও করেছেন। পরিস্থিতি সরেজমিনে বুঝতে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধিদল সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়া ঘুরে এসেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত কয়েক মাস ধরেই প্রবাসী আয় নিম্নমুখী। বিগত কয়েক বছরের প্রত্যেক মাসে ১০০ কোটি ডলারের বেশি থাকলেও গত নভেম্বর ও ডিসেম্বরে তা নেমে আসে যথাক্রমে ৯৫ কোটি ১৩ লাখ ডলার ও ৯৫ কোটি ৮৭ লাখ ডলারে। এরপর জানুয়ারিতে ১০১ কোটি ডলার দেশে আসে।

এদিকে রফতানি উন্নয়নের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরের মার্চ মাসে পণ্য রফতানি করে মোট আয় হয়েছে ৩১০ কোটি ৯৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা ২৪ হাজার ৮৯৭ কোটি ৪১ লাখ টাকা। অবশ্য মার্চ মাসে ৩০৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

ইপিবি’র হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫-১৬ অর্থবছরের মার্চ মাসে পণ্য রফতানিতে মোট আয় হয়েছিল ২৮৩ কোটি ১৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে বাংলাদেশের রফতানি আয় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রফতানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল মোট ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার।

ইপিবি’র প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক খাতের পণ্য রফতানিতে আয় হয়েছে ২ হাজার ৯২ কোটি ৮৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এ খাতের রফতানি আয় আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রফতানিতে ১ হাজার ১৪ কোটি ৩৫ লাখ ৫০ হাজার এবং ওভেন গার্মেন্টস পণ্য রফতানিতে ১ হাজার ৭৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে।

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি