শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৭

স্টাফ রিপোর্টার ; কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ কর্মী মোহাম্মদ আলীর (৩২) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে একই সময়ে হামলায় আবু সাঈদ নামের অপর এক ব্যক্তি নিহত হয়েছিল।

এদিকে, বিকেলে মোহাম্মদ আলীর মরদেহ বাড়িতে আনার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, গত ১ এপ্রিল শনিবার দাউদকান্দির গৌরীপুর বাজারে সন্ত্রাসীদের হামলায় মোহাম্মদ আলী (৩২) এবং আবু ছাঈদ (২৮) গুরুতর আহত হন।

পরে পুলিশ আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঢাকায় নেয়ার পথে আবু সাঈদ (২৮) মারা যান।

নিহত মোহাম্মদ আলী দাউদকান্দির গৌরীপুর পেন্নাই গ্রামের মৃত সোবহান হাজীর ছেলে। এর আগে আবু সাঈদ হত্যায় ১৫ জন এজাহারভুক্ত ও অজ্ঞাত ৬ জনকে আসামি করে নিহতের মা আমেনা খাতুন দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন।

বিকেলে দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, একই ঘটনায় আগে দায়েরকৃত আবু সাঈদ হত্যা মামলার সঙ্গে মোহাম্মদ আলী হত্যার বিষয়টি যুক্ত হবে, এলাকার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি