শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বন্ধুত্ব প্রবাহমান নদীর মতো: নিজের কলামে শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আকাঙ্খিত ভারত সফর শুরু হতে যাচ্ছে শুক্রবার থেকে। এ সফর উপলক্ষ্যে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু তে একটি কলাম লিখেছেন শেখ হাসিনা। নিজের কলামে ভারত বাংলাদেশ সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ আখ্যায়িত করে এটিকে প্রবাহমান নদীর সাথে তুলনা করেছেন শেখ হাসিনা। একই সাথে এ সম্পর্কের ফলাফল নিয়েও আলোচনা করেছেন তিনি।

নিজের কলামের শুরুতেই শেখ হাসিনা লিখেছেন, আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে বাংলাদেশ ও ভারত উভয় দেশের জনগণই এ সম্পর্কের সুফল পাবে।

তিনি লিখেছেন, প্রতিবেশিদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমার সারা জীবনের নীতি। আমার একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে, এমন একটি সমাজব্যবস্থা নিশ্চিত করা, যেখানে সাধারণ মানুষ দারিদ্রতায় কষ্ট পাবে না, তাদের মৌলিক চাহিদাগুলো মেটাতে পারবে এবং একটি স্বাভাবিক মানসম্মত জীবন যাপন করতে পারবে।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারতের অকৃত্রিম সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন শেখ হাসিনা। ভারতকে বাংলাদেশের অন্যতম সহযোগী হিসেবেও নিজের কলামে উল্লেখ করেছেন তিনি।

শেখ হাসিনা লিখেছেন, ‘আমরা ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞ। পাকিস্তানের কারাগার থেকে আমার বাবা বঙ্গবন্ধুর মুক্তির ক্ষেত্রেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শ্রীমতি ইন্দিরা গান্ধী আমাদের স্বাধীনতা প্রাপ্তি ও বঙ্গবন্ধুর মুক্তির ক্ষেত্রে প্রধান দায়িত্ব পালন করেছেন। সে কঠিন সময়ে আমরা ইন্দিরা গান্ধীর সরকার, রাজনৈতিক দল ও ভারতের সাধারণ জনগণকে বাংলাদেশের পাশে পেয়েছিলাম।’

আঞ্চলিক উন্নয়নে প্রতিবেশিদের সহায়তা ও যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা লিখেছেন, এ অঞ্চলে দারিদ্রতাকেই আমি সবচেয়ে বড় শত্রু বলে মনে করি আমি। বাংলাদেশ ও ভারতের একটি বিশাল জনগোষ্ঠি পুষ্টিহীনতায় ভুগছে। তারা মৌলিক চাহিদাগুলোও পূরণ করতে পারছে না। পুষ্টিহীনতার কারণে বহু শিশু যথাযথভাবে বেড়ে উঠতে পারছে না। এমনকি তাদের যথাযথ চিকিৎসাসেবা ও পড়াশোনার অবস্থাও নেই। আমাদেরকে এ অবস্থা পরিবর্তন করতে হবে। এ জন্য আমাদের একমাত্র যে জিনিসটি পরিবর্তন করতে হবে, তা হচ্ছে মানসিকতা। আমি মনে করি, দারিদ্রতা দূরীকরণ আমাদের রাজনীতিকদের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত। বর্তমান বিশ্বায়নের যুগে কোনো কিছু একা একা করাটা খুব কষ্টসাধ্য। বরং পারস্পরিক যোগাযোগ ও  সহযোগীতা এসব কাজকে আরও সহজ ও গতিশীল করে তুলতে পারে।

শেখ হাসিনা লিখেছেন, আমি শান্তিতে বিশ্বাস করি। একমাত্র শান্তিপূর্ণ সহাবস্থানই শান্তি নিশ্চিত করতে পারে। আমাদের (বাংলাদেশ-ভারত) মধ্যে কিছু ইস্যু আছে। কিন্তু আমি মনে করি, শান্তিপূর্ণ উপায়েই এসব সমস্যা সমাধান করা সম্ভব। স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে আমরা এটি প্রমাণ করেছি। নদীগুলোর পানি ভাগাভাগি নিয়ে অামরা এখনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি। তিস্তা নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে। আমি আমার প্রতিবেশি দেশের জনগণ ও সাধারণ মানুষের প্রতি বিশ্বাস রাখছি। আমি জানি সম্পদ সীমিত। কিন্তু এ সীমিত সম্পদই আমাদের উভয় দেশের জনগনের জন্য ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের সমাজ ও সংস্কৃতিও প্রায় একই। আমাদের ভাষার ক্ষেত্রেও মিল আছে। পদ্মা, ব্রহ্মপুত্র ও তিস্তাসহ বহু নদী আমাদের বাঁচিয়ে রেখেছে, যেগুলো উভয় দেশের দিয়েই প্রবাহমান। সুন্দরবন আমাদের অহংকার। এ নিয়ে আমাদের কোনো বিবাদ নেই। তাহলে যৌথ নদীগুলো নিয়ে কেন এত বিবাদ, কেন এত তর্ক?

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এ ভারত সফর শুরু হচ্ছে ৭ এপ্রিল শুক্রবার থেকে। সফরে বহুল আলোচ্য তিস্তা চুক্তি হবে না বলে এরই মধ্যে নিশ্চিত করে জানিয়েছে ভারত।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি