
পূর্বাশা ডেস্ক:তিস্তা চুক্তি নিয়ে আরও একদফা আলোচনার জন্য পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে চলতি ভারত সফরেই আলাদা করে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮ এপ্রিল শনিবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক অনুষ্ঠানে কলকাতার আনন্দবাজার পত্রিকার সাংবাদিক অগ্নি রায়-এর সঙ্গে কথা বলার সময় এ ইচ্ছা পোষণ করেন শেখ হাসিনা।
আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, মমতা কিছুক্ষণের মধ্যেই দিল্লি অসছেন অগ্নি রায়ের কাছে এটা জানার পর শেখ হাসিনা উৎসুকভাবে জানতে চান, ঠিক ক’টার ফ্লাইটে আসছেন মমতা? সময় বলার পর মমতাকে কী বার্তা দিতে চান? এমন প্রশ্নের জবাবে হাসিনা বলেন, ‘মমতার জন্য সব সময়ই শুভেচ্ছা রয়েছে। তবে এ বার আমি ওনার সঙ্গে আলাদাভাবে বসতে চাই। কথা বলতে চাই। কাল রাতেই চেষ্টা করব ওনার সঙ্গে আলাদা করে বসার।’
তিস্তা নিয়ে কতটা আশাবাদী তিনি? এ প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জবাব, ‘আমি সব সময়েই আশাবাদী। এবারে তো মমতাও আসছেন। দেখা যাক কী হয়। আমি যতটা সম্ভব এ নিয়ে ওনাকে বুঝিয়ে বলব।’
এদিকে শনিবার দুপুরে ভারতের হায়দ্রাবাদ হাউজে এক দ্বিপাক্ষিক বৈঠকে ৪টি সমঝোতা স্মারকসহ মোট ২২টি চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেছে বাংলাদেশ-ভারত। এসব চুক্তির মধ্যে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত রয়েছে।
রুবেল মজুমদার/পূর্বাশা ডেস্ক






















































