পূর্বাশা ডেস্ক:
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানির জন্য আগামি ১৪ মে দিন ধার্য করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রোববারের কার্যতালিকায় রিভিউ শুনানিটি রাখা হয়েছে।
এ নিয়ে সাঈদীর ছেলে জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী তার ফেসবুক স্টেটাসে বলেছেন, যতদূর জেনেছি সেটা ভুলক্রমে এসেছে। গত ৬ তারিখে প্রধান বিচারপতি ঘোষিত ১৪ মে তারিখটি হয়তো ঠিক থাকবে।আগামীকাল কনফার্ম হতে পারবো কবে হবে শুনানি।
গত বৃহস্পতিবার সাঈদীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বিষয়টি শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন। এর আগে গত সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকার ১৪৭ নম্বর ক্রমিকে উভয় রিভিউ পিটিশন শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল। কিন্তু শুনানি হয়নি। পরে গত বৃহস্পতিবার সেটি শুনানির জন্য কার্যতালিকায় আসে।
এদিকে আগামিকাল রোববারের আপিল বিভাগে কার্যতালিকায় ১৩৯ নম্বর ক্রমিকে রিভিউ আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে। এটি কি ভুলক্রমে রাখা হয়েছে না শুনানির জন্যই রাখা হয়েছে তা কেউই নিশ্চিত বলতে পারছেন না। এ ব্যপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিলো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাঈদীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাবাস দেয়। পরে রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ সাজা ফাঁসি এবং সাঈদী খালাস চেয়ে আপিল বিভাগের রায় পুনঃবির্বেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করেন। এক বছর তিন মাস পর ওই রিভিউ পিটিশন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়।
পূর্বাশানিউজ/০৮-এপ্রিল,২০১৭/ফারজানা
























































