
পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশে প্রতি মাসে ফেসবুক ব্যবহারে খরচ হচ্ছে প্রায় ১৫০ কোটি টাকা। প্রায় আড়াই কোটি ফেসবুক ব্যবহারকারীর পকেট থেকে এ টাকা ব্যয় হচ্ছে। এ হিসাবে গড়ে প্রতিদিন ফেসবুক ব্যবহারে খরচ প্রায় ৫ কোটি টাকা। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন ৪০০ জিবিপিএস (গিগাবাইটস পার সেকেন্ড) ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার হয়। এর মধ্যে ২৫ থেকে ৩০ ভাগ ডাটা ফেসবুকের জন্য ব্যবহার হয়। এ হিসাবে মোট ইন্টারনেট ব্যান্ডউইথের ১০০ জিবিপিএস ব্যবহার করেন ফেসবুক ব্যবহারকারীরা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড়শ’ কোটি টাকা। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানবজমিনকে এ তথ্য জানানো হয়েছে। এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, ফেসবুক ব্যবহারের কারণে প্রথমত অপারেটর, দ্বিতীয়ত ফেসবুক কর্তৃপক্ষ, তৃতীয়ত দ্রুত যোগাযোগমাধ্যম হওয়ায় সাধারণ জনগণ উপকৃত হয়। চতুর্থত ই-কমার্সের ব্যবসায়ীরা। বর্তমানে ফেসবুক ব্যবহার করে ই-কমার্সের ২০০ কোটি টাকার ব্যবসা হয়। এতসব ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ হলেও সরকার এ খাত থেকে কোনো রাজস্বই পায় না। শুধু ইন্টারনেট ডাটা বিক্রির রাজস্ব পেয়ে থাকে। এদিকে ফেসবুকের পেছনে কত টাকা ব্যয় হচ্ছে তার কোনো তথ্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে নেই। এছাড়া ডাটা ব্যবসায়ী মোবাইল অপারেটরদের কাছ থেকেও এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক সুফল ভোগ করি। যেমন- রাজন হত্যা, সিলেটের খাদিজার ওপর হামলাসহ অনেক প্রান্তিক জলুম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের ভিত সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে শক্ত হয়েছে। আবার নাসিরনগরের হামলা, রামু হামলা, ব্লগার হত্যার মতো বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে সংঘটিত হয়েছে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে ফেসবুকের ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করতে ৯টি উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এসব দাবির মধ্যে রয়েছে, পুনরায় সিম নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ করা, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ নামে একটি আলাদা সাইট চালু করা, তথ্য যোগাযোগ ও টেলিকম খাতের স্টেক হোল্ডারদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা, অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলা, তথ্যপ্রযুক্তির পাঠক্রমের সঙ্গে এর অপব্যবহারের কুফলসমূহ অন্তর্ভুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সামাজিক ও শ্রমিক সংস্থায় কাউন্সিলিং করা, প্রযুক্তির নিরাপত্তায় একটি ‘আইসিটি পুলিশ স্কোয়াড’ গঠন করা, অপারেটরদের লোভনীয় অফারের প্রলোভন বন্ধ করে সামাজিক নিরাপত্তার বিষয়টি বিজ্ঞাপনের আওতায় আনা। সংশ্লিষ্টরা জানান, দেশে ২০১৩ সালে থ্রিজি প্রযুক্তি আমাদের বাজারে আসে। গ্রাহক পর্যায়ে ব্যাপক আকারে ফেসবুক ব্যবহার শুরু হয় ২০১৪ সাল থেকে। বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ৫০ লাখ। মোবাইল গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ২০ লাখ। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭০ লাখ। যদিও বিশ্বব্যাংক ও মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএমএসএ এবং ইন্টারনেট লাইভ স্টার্ট-এর মতো বিভিন্ন বহুজাতিক সংস্থার হিসাবে বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ১০ লাখ, যা মোট জনসংখ্যার ১৩ শতাংশ। তারা জানান, যদিও ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রকৃতপক্ষে কতজন ফেসবুক ব্যবহার করে তার প্রকৃত হিসাব সরকার বা বিটিআরসি’র কাছে নেই। ফেসবুক অ্যাকাউন্ট খোলা একটি সহজ প্রক্রিয়া। এখানে কোনো ফরম পূরণ করতে হয় না, কারো কাছে যেতে হয় না। এমনকি কোনো ডকুমেন্টেরও প্রয়োজন হয় না। ফেসবুক কর্তৃপক্ষ বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে আয় করছে হাজার কোটি টাকা। কিন্তু ফেসবুকের মাধ্যমে সংঘটিত কোনো অঘটনের দায় নিতে চায় না কেউ। গত ৩রা এপ্রিল মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে মধ্যরাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ করা হয়। পরদিন ডাক ও টেলিযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ফেসবুক বন্ধের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এ প্রসঙ্গে মহিউদ্দীন আহমেদ বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার পক্ষে নই। আমরা চাই প্রযুক্তি নিরাপত্তায় আরো দক্ষ কারিগরি জ্ঞানার্জন বিশ্বপরিমণ্ডলে আমাদের যোগাযোগ স্থাপন, গবেষণাধর্মী চিন্তা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এর অপব্যবহার রোধ করতে।
পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/মাহি
























































