
পূর্বাশা ডেস্ক:
মাহিয়া মাহি মাত্র কয়েক বছর আগেও ছিলেন একজন নবাগত। কিন্তু এখন তিনি ঢাকার ছবির ব্যাপক দর্শকপ্রিয় নায়িকা। সেসূত্রে তার পারিশ্রমিকও আকাশছোঁয়া। এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিকে কাজ করেন মাহি। পাশাপাশি অভিনয়েও সমান মনোযোগী এই অভিনেত্রী। শুটিং ইউনিটের সবার সঙ্গে দুষ্টুমি, খুনসুটি আর আড্ডায় মেতে থাকলেও ক্যামেরার সামনে দাঁড়ালে তিনি হয়ে যান অন্য এক মানুষ। চরিত্রের মধ্যে মিশে গিয়ে কাজ করেন, কাজে গাফলতি কম, নাচ ও অভিনয়ে দক্ষ বলে পারিশ্রমিক বেশি দিয়ে তাকে নিচ্ছেন নির্মাতারা। ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘ভালোবাসা আজকাল’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’সহ বেশকিছু জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন এ নায়িকা। বর্তমানে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’, শামীমুল ইসলাম শামীমের ‘গোলাপতলীর কাজল’ এবং ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ ছবির কাজ করছেন। বিশেষ করে দেশীয় চলচ্চিত্রের বড় প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশনের ‘মনে রেখো’ ছবিতে তিনি ওপারের নায়ক বনি সেনের সঙ্গে কাজ করছেন। মাহি ছবিটি নিয়ে মানবজমিনকে বলেন, এর গল্পটি অসাধারণ। ওপারের নায়কদের সঙ্গে কাজের ইচ্ছে তেমন নেই আমার। তবে বনির সঙ্গে কাজ করে ভালো লাগছে। ও অনেক মিশুক স্বভাবের। তাই কাজ করে বেশ আনন্দও পাচ্ছি। মাঝে শুটিংয়ে ওয়ার্ক পারমিট নিয়ে যে ঝামেলা ছিল ওটাও ঠিক হয়ে গেছে। আসছে ঈদে ছবিটি মুক্তি পাবে। মাহি ঢাকায় শুটিং শেষে দার্জিলিং এবং সবশেষে ইন্দোনেশিয়ার বালিতে এ ছবির গানের কাজ করতে যাবেন। এদিকে, সাইমনের বিপরীতে ‘জান্নাত’ ছবির কাজ করছেন তিনি। এ ছবিতে তাকে ভিন্ন লুকে পাওয়া যাবে। মাহি বলেন, ‘মনে রেখো’ ছবিতে আমি চঞ্চল স্বভাবের একটি মেয়ে এবং ‘জান্নাত’ ছবিতে আমাকে একদম গ্রামের সহজ-সরল মেয়ের ভূমিকায় দেখা যাবে। দর্শক দুটি ছবিতে দুই লুকে আমাকে দেখতে পাবেন। কস্টিউমেও অনেক পরিবর্তন রয়েছে। অন্যদিকে মাহি গত মাসে কাপ্তাইয়ে ‘পবিত্র ভালোবাসা’ নামে একটি ছবির শুটিং করেছেন। ছবিটি পরিচালনা করছেন এ কে সোহেল। এ ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। কয়েকদিন পর গানের শুটিং শুরু হবে। এসবের পাশাপাশি মাহি ‘ময়না’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এখনও এ ছবির শুটিং শুরু হয়নি। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় শিগগিরই তা শুরু হবে বলে জানিয়েছেন মাহি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন সোহম। শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতেও অভিনয় করছেন এই অভিনেত্রী। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। আর বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ ছবিতে সজলের বিপরীতে অভিনয় করছেন। এ ছবিগুলোর কাজ এখনও অনেকটা বাকি বলে জানিয়েছেন মাহি। নতুন ছবিগুলোর মাঝে এ ছবিগুলোতেই আগে সময় দিয়ে বাকি কাজ শেষ করতে চান তিনি। তবে তার ‘ঢাকা অ্যাটাক’ ও ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবি দুটি খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন। মাহি মেহের আফরোজ শাওনের ‘নক্ষত্রের রাত’ নামে একটি ছবিতেও সামনে কাজ করবেন। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম। উল্লেখ্য, ঢাকার ছবিতে নাম লেখানোর পর বেশ অল্প সময়ে আলোচনায় চলে আসেন মাহি। ইতিমধ্যে বিয়েও করেছেন। আর বর অপুকে নিয়ে বেশ সুখেই আছেন বলে জানালেন। মাহি বলেন, অপু আমার অনেক টেককেয়ার করে। আমার কাজে সহযোগিতা করে। এইতো সেদিন এফডিসিতে ‘জান্নাত’ ছবির শুটিং সেটে ওকে নিয়ে বাইকে করে ঘুরলাম। সবাই এটা দেখে বেশ মজা পেয়েছে। সত্যি বলতে দর্শকদের জন্যই আমি আজকের মাহি। তাই আমি বুঝে শুনে দর্শকদের ভালো লাগবে তেমন কাজই শুধু সামনে করতে চাই। বেশি ছবিতে কাজ করার ইচ্ছে আমার নেই। তারপরও অনেকের অনুরোধে এবার বেশকিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। সবমিলে ছয়টির মতো ছবি আমার হাতে। সামনে এসব ছবি থেকে একের পর এক মুক্তি পাবে।
পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/মাহি

























































