
পূর্বাশা ডেস্ক: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর দেখা করতে তাদের স্বজনদের কাছে বার্তা পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে এ বার্তা পাঠানো হয়। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো স্বজন কারাগারে এসে তাদের সঙ্গে দেখা করেনি।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির কাছে করা প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার খবর সোমবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই বন্দিকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে তাদের স্বজনদের কারাগারে এসে দেখা করতে বার্তা পাঠানো হয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কেউ কারাগারে দেখা করতে আসেনি।
এ দিকে তাদের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। কারাগারে জল্লাদ ও ফাঁসির মঞ্চ সবকিছুই প্রস্তুত আছে। তবে কবে, কখন তাদের ফাঁসি কার্যকর করা হচ্ছে তা জানা যায়নি।
এর আগে সোমবার রাষ্ট্রপতির কাছে করা প্রাণভিক্ষার আবেদন নাকচের কপি এ কারাগারে পৌঁছায়।
২০০৪ সালের ২১ মে সিলেটের হজরত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
এ মামলার রায়ে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুল গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং দেলোয়ার হোসেন রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

























































