
পূর্বাশা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের কি লাভ হয়েছে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে মিডিয়ায়। অন্যদিকে ভারতের কি লাভ হয়েছে এমন প্রশ্ন তুলে বিবিসি বাংলা বিশ্লেষণ করে এক প্রতিবেদনে বলেছে, এমন প্রত্যাশার সিংভাগই পূরণ হয়েছে।
বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ‘আমি মনে করি তিস্তা ছাড়া আর সকল প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে। যদিও দুই দেশই তিস্তা চুক্তির ব্যাপারে আশাবাদী ছিলো। কিন্তু ভারতের অভ্যন্তরীণ ও রাজনৈতিক সমস্যার কারণে সেটা সম্ভব হয় নি।’
যোগাযোগ, প্রতিরক্ষা চুক্তিসহ ভারতের যেসব প্রত্যাশা ছিলো সে বিষয়গুলো কতোটা অর্জিত হয়েছে?
প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিরক্ষা চুক্তি আগেও ছিলো তবে সেটা আরও পাকাপোক্ত হলো। তবে বাংলাদেশÑভারতের যৌথ উদ্যোগে নতুনভাবে লাইন অব ক্রেডিট চুক্তি স্বাক্ষরিত হলো।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর কতোটা ফলপ্রসূ হলো?
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় মোটামুটি ভালোই হয়েছে। ভারত তার প্রত্যাশার ৯০ শতাংশই পেয়েছে। কানেক্টিভিটি, ট্রেন, ট্রেড এন্ড ইনভেস্টমেন্টসহ ভারত যা প্রত্যাশা করেছিলো চুক্তি ও সমঝোতার ফলে সবই এগিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে তিস্তা নিয়ে আলোচনার পাশাপাশি অন্য অভিন্ন নদী নিয়েও আলোচনার পথ তো খোলা রয়েছেই।’
বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে ভারতের যে উদ্বেগ তৈরি হয়েছিলো, এ সফরে সে প্রসঙ্গ কতোটা চিহ্নিত হয়েছে?
জবাবে তিনি বলেন, ‘পাকিস্তানকে চীন অনেকটাই নিজের প্রদেশের মতোই করে ফেলেছে। বাংলাদেশের সাথেও চীন সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। যদিও বাংলাদেশ তার প্রয়োজনের ৭০/৮০ ভাগ অস্ত্র চীনের কাছ থেকেই কেনে। এই সফরে এ বিষয় নিয়ে কিছুটা রেষারেষি হয়েছে। তবে আমি মনে করি না এ নিয়ে ভারত সরকার খুব উদ্বিগ্ন। তবে প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়ে ভারসাম্য আনার জন্য চেষ্টা করা হয়েছে।’
চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতের যেটুকু উদ্বেগ তৈরি হয়েছিলো বাংলাদেশের সঙ্গে আলোচনার ফলে সেখানে কতোটা ভরসা তৈরি হয়েছে?
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় যেহেতু প্রতিরক্ষা চুক্তি হয়েছে ফলে ভরসার জায়গা কিছুটা তৈরি হয়েছে।’
১১/০৪/ ২০১৭ইং/ চৈতি।






















































