
পূর্বাশা ডেস্ক:
পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন, “আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোয়াইবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। আর ওজনে ও পরিমাপে কম দিয়ো না। আমি তো দেখছি তোমরা সমৃদ্ধশালী (এর পরও তোমরা ওজনে কম দিলে), আমি তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিনের আজাবের আশঙ্কা করছি।” (সুরা : হুদ, আয়াত : ৮৪)
তাফসির : আগের আয়াতগুলোতে হযরত নুহ (আ.), লুত (আ.) ও হুদ (আ.)-এর জাতির ইতিহাস বর্ণনা করা হয়েছিল। আলোচ্য আয়াত থেকে হযরত শোয়াইব (আ.) ও তাঁর জাতির বিবরণ শুরু হয়েছে। হযরত শোয়াইব (আ.) মাদিয়ানবাসীর কাছে আল্লাহর নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। তিনি পৌত্তলিক মাদিয়ানবাসীকে একত্ববাদের প্রতি আহ্বান জানান। তিনি তাদের ওজনে কম দেওয়া ও লেনদেনের ক্ষেত্রে অন্যকে ঠকানোর অভ্যাস পরিত্যাগ করতে বলেন।
আল্লাহ তাআলা পথভোলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী-রাসুল পাঠিয়েছেন। তাঁরা সবাই মানুষকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন। যারা নবী-রাসুলদের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারাই ইহকাল ও পরকালে সফল হয়েছে। এ ধরনের ইমানদার মানুষ সব সময় সমাজের কল্যাণের কাজেই নিজেকে নিয়োজিত রাখে।
আল্লাহর আজাবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ছয়টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হলো ‘আহলে মাদিয়ান’। ‘মাদিয়ান’ হলো লুত সাগরের সন্নিকটে সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম। এটি এখনো পূর্ব জর্দানের সামুদ্রিক বন্দর ‘মোআন’-এর অদূরে বিদ্যমান আছে। কুফরি করা ছাড়াও এ জনপদের লোকেরা ওজন ও মাপে কম দিত। এ ছাড়া অন্যের সম্পদ লুটপাট করত। অন্যায় পথে জনগণের সম্পদ ভক্ষণ করত। এই শহরের গোড়াপত্তন করেছিলেন মাদিয়ান ইবনে ইবরাহীম (আ.)। তিনি হযরত মুসা (আ.)-এর শ্বশুর ছিলেন। লুত (আ.)-এর জাতির ধ্বংসের অনতিকাল পরে মাদিয়ানবাসীর প্রতি তিনি প্রেরিত হয়েছেন। চমৎকার বাগ্মিতার কারণে তিনি ‘খতিবুল আম্বিয়া’ বা নবীদের মধ্যে সেরা বাগ্মী নামে খ্যাত ছিলেন। মাদিয়ানবাসীকে পবিত্র কুরআনে কোথাও কোথাও ‘আসহাবুল আইকা’ বলা হয়েছে। এর অর্থ হলো জঙ্গলের বাসিন্দা। এটা বলার কারণ হলো, এই অবাধ্য জনগোষ্ঠী প্রচ- গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নেয়। আল্লাহ তাদের সেখানেই ধ্বংস করে দেন। কেউ কেউ বলেন যে ওই জঙ্গলে ‘আইকা’ নামের একটি গাছকে তারা পূজা করত। এ কারণে তাদের ‘আসহাবুল আইকা’ বলা হয়।
শোয়াইব (আ.) সম্পর্কে পবিত্র কুরআনের ১০টি সুরায় ৫৩টি আয়াত বর্ণিত হয়েছে। হযরত শোয়াইব (আ.) ও তাঁর জাতির ঘটনা বিভিন্ন কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমত, হযরত শোয়াইব (আ.) অর্থনৈতিক সততার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এর আলোকে বোঝা যায়, আল্লাহর ইবাদত বলতে শুধু নামাজ, রোজা বা দোয়া-দরুদই বোঝায় না, মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে আল্লাহর বিধান মেনে চলাও ইবাদতের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত, অন্যান্য নবী-রাসুলের উম্মতের ওপর আজাব এসেছে আল্লাহকে অস্বীকার করার কারণে এবং আল্লাহর নবীদের অবাধ্য হওয়ার কারণে। কিন্তু শোয়াইব (আ.)-এর জাতির উপর আজাব এসেছে বিশেষত অর্থনৈতিক অসততার কারণে।
পূর্বাশানিউজ/১১-এপ্রিল,২০১৭/মাহি

























































