শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্ব মিডিয়ায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের খবর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহকারীর ফাঁসি কার্যকর হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ফাঁসি কার্যকর হয়। এ নিয়ে স্থানীয় পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশ করা হয়েছে।

এর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ গুরুত্বের সঙ্গে মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের খবর প্রকাশ করেছে।

মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা, এবিসি নিউজ, মিশন নেটওয়ার্ক নিউজ বাংলাদেশে মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের সংবাদ প্রকাশ করেছে।

এছাড়া ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, দ্য টেলিগ্রাফ, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, বেল ফাস্ট টেলিগ্রাফও হান্নানের ফাঁসি কার্যকরের সংবাদ প্রকাশ করেছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতের ইংরেজি ও বাংলা দুই ভাষায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের খবর প্রকাশ করেছে। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু, দ্য ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে।

এছাড়া ভারতের এএনআই নিউজ, স্ক্রল ইন, ইন্ডিয়া ইনফো লাইভও ফাঁসি কার্যকরের সংবাদ প্রকাশ করেছে। ভারতের টাইমস অব ইন্ডিয়ার বাংলা মাধ্যম  এই সময়, পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা ও কোলকাতা ২৪/৭ বাংলাদেশের জঙ্গি  নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের খবর প্রকাশ করেছে।

এদিকে কানাডার ডিজিটাল জার্নাল, দ্য গ্লোব এন্ড মেইল। জাপানের দ্য জাপান টাইমস, সিঙ্গাপুরের দ্য স্ট্রেইট টাইমস, ইসরায়েলের দ্য জেরুজালেম পোস্টও বাংলাদেশি জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের খবর ঢালাওভাবে প্রকাশ করেছে।

২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। এ মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর আদালত পাঁচ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ১৭ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে মুফতি হান্নানের লাশ কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে নিয়ে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুফতি হান্নানের বড়ভাই মাওলানা মুন্সি আলিউজ্জামান ও ভাইয়ের বৌ শারমিন নাহার হান্নানের লাশ গ্রহণ করেন।

ভোর ৫ টা ৩৫ মিনিটে বাড়ির পাশে হিরন বালিকা মাদ্রাসা ও এতিম খানা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। মুফতি হান্নানের বড়ভাই মাওলানা মুন্সি আলিমুজ্জামান জানাজা পড়ান। পরে মুফতি হান্নানের লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। ভোর ৫ টা ৪৫ মিনিটের মধ্যেই লাশ দাফনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির লাশ দাফনের খবর নিশ্চিত করে জানান, জানাজায় মুফতি হান্নানের পরিবারের সদস্য ও নিকট আত্মীয় স্বজনের মধ্য থেকে ৩১ জন অংশ নেন। লাশ দাফনের পর কোটালীপাড়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তারা।

পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি