
পূর্বাশা ডেস্ক:
দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। রাত পোহালেই বাংলা পঞ্জিকায় আরেকটি নতুন বছরের সূর্যদয় ঘটবে, শুরু হবে বাংলা নতুন বছর ১৪২৪। বাঙালির প্রাণের এ উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে শেষ মুহূর্তে দম ফেলার সুযোগ পাচ্ছেন না ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচংয়ের মৃৎ শিল্পীরা।
বাহারি রকমের মাটির খেলনা আর তৈজস পত্র তৈরিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। আর এসব পণ্য কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে ভিড় করেছেন কুমার পাড়ায়। বাঙালির হাজার বছরের ঐতিহ্য মেনে পালন করা হবে পহেলা বৈশাখ। আবহমান কাল থেকে এ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন হয়ে থাকে গ্রামগঞ্জ ও শহরে। আর ঐতিহ্যগতভাবে এসব মেলার প্রাণ হচ্ছে মাটির তৈরি হাতি-ঘোড়া-পুতুলসহ বাহারি রকমের তৈজসপত্র।
এ ঐতিহ্যকে সামনে রেখে নবীনগরের ভোলাচং’র কুমার পাড়ায় শিল্পকর্মগুলোতে রঙ-তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। চাহিদা মতো জিনিস যোগান দিতে রাতদিন কাজ করছেন তারা। পাশাপাশি বছরের এই সময়ে চাহিদা বেড়ে যাওয়ায় দারুণ খুশি তারা।
পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/মাহি






















































