শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জঙ্গিবিরোধী অভিযান নিয়ে মনগড়া বক্তব্য বন্ধ করুন: আইজিপি


জঙ্গিবিরোধী অভিযান নিয়ে মনগড়া বক্তব্য বন্ধ করুন: আইজিপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক ; জঙ্গিবিরোধী অভিযানের সমালোচনা করে কিছু রাজনৈতিক নেতাদের বক্তব্যকে ‘দায়িত্বহীন’ বলেছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। এসব ‘দায়িত্বজ্ঞানহীন, মনগড়া, অলীক ও অসত্য বক্তব্য’ পরিহার করার অনুরোধও করেছেন তিনি।

রবিবার দুপুরে পুলিশ সদরদপ্তরে সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের সময় বিস্ফোরণে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে অনুদান প্রদান অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানের কট্টর সমালোচক বিএনপি। দলের নেতারা এই অভিযানকে নাটক বলতেও ছাড়েননি। জবাবে পুলিশ প্রধান বলেন, ‘না বুঝে দায়িত্বশীল ব্যক্তি বা সংগঠনের এ জাতীয় বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে।’

আইজিপি বলেন, ‘মুষ্টিমেয় ব্যক্তি বা গোষ্ঠী বুঝে বা না বুঝে, সতর্ক কিংবা অসতর্কভাবে এসকল অভিযানগুলোকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছেন। এ সকল অসত্য, তথ্য-উপাত্তবিহীন, সম্পূর্ণ অনুমাননির্ভর, মনগড়া এবং দূরভিসন্ধিমূলক। প্রাণভয় তুচ্ছ করে এই বীর সদস্যরা যখন দেশের জন্য লড়াই করছেন তখন এসকল বিতর্কিত মন্তব্য হতাশাজনক এবং চরমভাবে নিন্দনীয়।’

অনুষ্ঠানে সিলেটে জঙ্গি বিরোধী অভিযানের সময় বিস্ফোরণে নিহত পুলিশের পরিদর্শক আবু কয়ছর চৌধুরীর স্ত্রী ছায়রা ফারহান চৌধুরী লোপাকে ২৪ লাখ টাকা ও নিহত পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলামের স্ত্রী ফারভীন আক্তারকে মোট ১২ লাখ টাকা এবং তার মা ফিরোজা খানমকে ১২ লাখ টাকার সঞ্চয় পত্র দেয়া হয়।
পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গিবাদের বিষয়ে বাংলাদেশ পুলিশের অবস্থান স্পষ্ট। এক্ষেত্রে পুলিশ কোন রকম ছাড় দিচ্ছে না। বীরত্ব আর সাহসিকতার সাথে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদসহ যাবতীয় সন্ত্রাসী কার্যকলাপ মোকাবেলা করে যাচ্ছে। পুলিশ বাহিনীর সদস্যরা দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে উন্নততর পেশাদারিত্ব নিয়ে দক্ষ হাতে জঙ্গি বিরোধী জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করছে।’

আইজিপি বলেন, ‘জঙ্গিবিরোধী অভিযান আর দশটি সাধারণ অভিযানের মত নয়। এর জন্য বিশেষায়িত প্রশিক্ষণ ও অঙ্গীকার প্রয়োজন। পুলিশ সদস্যগণ দেশাত্ববোধে উদ্ধুদ্ধ হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসকল অভিযানে অংশগ্রহন করে।… জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের এবং সামগ্রিকভাবে বাংলাদেশের সাফল্য আজ বিশে^র বিস্ময়।’

পূর্বাশা নিউজ /রুবেল মজুমদার

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি