শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিটিং সার্ভিস বন্ধ করে ‘চিটিং’ চলছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

রাজধানীতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল সিটিং, গেটলক ও স্পেশাল বাস সার্ভিস বন্ধ হলেও ভাড়া আদায়ে ‘চিটিং’ চলছেই। গতকাল রবিবার থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধ হবার কথা থাকলেও তা কার্যকর হয়নি।

সোমবার (১৭ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ গাড়িতেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার চার্টও নেই। কোনো কোনো গাড়িতে চার্ট থাকলেও তা টাঙানো নেই। আগের মতোই বাসে উঠলেই যাত্রীদের গুণতে হচ্ছে ১৫-২৫ টাকা।

রাজধানীর বাসগুলো অবশ্য সিটিং সার্ভিস মুক্ত হয়েছে। মিরপুর ও চিড়িয়াখানা থেকে ছেড়ে আসা বাসগুলোতে সিটিং সার্ভিস ব্যবস্থা দেখা যায়নি। মতিঝিল, গুলিস্তান, যাত্রাবাড়ী ও নিউমার্কেটগামী সিটিং সার্ভিস বাসগুলোতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মহাখালী, কাকলী, বনানী ও গুলশান এলাকায় অন্যদিনের তুলনায় খুব কম বাস চলাচল করতে দেখা গেছে। সব রুটের বাসগুলোতেই প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। সিটিং বন্ধ হলেও অসংখ্য মানুষ আগের মতোই দাঁড়িয়ে আছেন। বাসে উঠতে পারছেন না। এ সুযোগে আবার অতিরিক্ত ভাড়ায় যাচ্ছে রিকশা আর সিএনজি।

সাভার থেকে গুলিস্থানগামী ওয়েলকাম পরিবহনের গাড়ির এক সুপার ভাইজারকে বাড়তি ভাড়া আদায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাকে বলে লাভ নেই, মালিকের কাছে বলেন, কোম্পানি যেভাবে বলেছে, সেভাবেই আমরা ভাড়া আদায় করছি, সাভার থেকে যাত্রাবাড়ী রোডে চলাচলকারী স্বজন, আজিমপুর থেকে আব্দুল।লাহপুর চলাচলকারী অগ্রযাত্রা, যাত্রাবাড়ী থেকে মীরপুর চলাচলকারী লাব্বাইক, খাজাবাবাসহ অন্যান্য গাড়িতেও একই ধরনের চিত্র দেখা গেছে সকাল ১০টা পর্যন্ত ডিএমপি, বিআরটিএ বা পরিবহন মালিক সমিতির কোনো তদারককারী টিম রাস্তায় দেখা যায়নি।

আবার কিছু যাত্রীদের অভিযোগ, বাসে অতিরিক্তি লোক ওঠানো হচ্ছে, কিন্তু ভাড়া নিচ্ছে আগের মতোই। এতে করে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা লেগেই চলছে। ১৫ টাকার ভাড়া নেয়া হচ্ছে ১৩ টাকা, কিন্তু বিআরটিএ’র নির্দেশ অনুযায়ী এই ভাড়া নেয়ার কথা ছিল ৮ টাকা।

এর আগে রবিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে সিটিং বাস সার্ভিস বন্ধে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন,পরিবহন খাতে সকল প্রকার শৃঙ্খলা না ফেরা পর্যন্ত বিআরটিএ’র অভিযান চলবে।

পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি