শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আব্দুল আজিজসহ ৬ জনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন ৮ মে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ও গাইবান্ধার সাবেক সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৮ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

রোববার গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন দুই বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউর সৈয়দ হায়দার আলী ও সায়েদুল হক সুমন।

অন্যদিকে আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত ডিফেন্স আইনজীবী গাজী এমএইচ তামিম।

আব্দুল আজিজ ছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন- রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), নাজমুল হুদা (৬০) ও আব্দুর রহিম মিঞা (৬২)।

আসামিদের মধ্যে আব্দুল লতিফ কারাগারে রয়েছেন। অন্যরা পালাতক রয়েছেন।

আজ ট্রাইব্যুনালের নির্ধারিত দিনে আব্দুল আজিজসহ আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের তিনজন বিচারপতির উপস্থিতিতে মামলার রায় এবং অপরাধ আমলে নেয়া এবং যুক্তি খণ্ডন করার বিধান। কিন্তু তাদের মধ্যে একজন বিচারপতি ছুটিতে থাকায় মামলার যুক্তিতর্ক উপস্থাপন পিছিয়ে আগামী ৮ মে দিন নির্ধারণ করেছেন আদালত।

প্রসিকিউর সায়েদুল হক সুমন সাংবাদিকদের জানান, নির্ধারিত দিনে এই মামলার ছয় আসামির বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু একজন বিচারক উপস্থিত না থাকায় আগামী ৮ মে আর্গুমেন্ট শুরু করার পরবর্তী দিন ঠিক করেছেন আদালত।

এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে দুইজন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ছাড়া বাকি ১৩ জন সাক্ষী ছিলেন।

তদন্ত কর্মকর্তারা হলেন- হেলাল উদ্দিন ও আলতাফ হেসেন।

এর আগে আসামি প্রসিকিউর আজিজসহ গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

ছয়জনকে গ্রেফতারের জন্য ২৩ নভেম্বর আবেদন করার পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু আব্দুল আজিজসহ সব আসামিকে পলাতক দেখিয়েই আদালতে এ মামলার কার্যক্রম বিচারিক কাজ শুরু করে।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আজিজ মিয়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোটের অধীনে গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে সংসদ সদস্য ছিলেন।

পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি