
পূর্বাশা ডেস্ক:
কুমিল্লায় পুলিশের ওপর বোমা হামলার পর আটক দুই জঙ্গিকে সীতাকুণ্ড থানার তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ এই রিমান্ড মঞ্জুর করেন।
জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) এইচ এম মশিউর রহমান বাংলানিউজকে জানান, তিনটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিন করে ৪৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল।
শুনানি শেষে আদালত সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া দুই মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ৭ মার্চ কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর বোমা হামলার পর আটক হন হাসান ও জসিম নামের দুই জঙ্গি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরসরাইয়ে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/রুমকী

















































