শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেয়ারবাজার টানা পতনের কবলে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

টানা দরপতনের কবলে দেশের শেয়ারবাজার। গত মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এ দরপতন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। গত ১৬ কার্যদিবসের মধ্যে ১৩ দিনই বাজার সূচক কমেছে। বেশিরভাগের শেয়ারদর কমছে আরও বেশি সময়। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসেও দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসইতে ৬০ শতাংশ শেয়ারের বাজারদর কমেছে। এতে প্রধান সূচক ডিএসইএক্স একদিনেই হারিয়েছে ৫৩ পয়েন্ট বা প্রায় এক শতাংশ। চলতি বছরের ২ ফেব্রুয়ারির পর একদিনে এটাই সূচকের সর্বোচ্চ পতন। এর ফলে সূচকটি দেড় মাসের সর্বনিম্ন অবস্থান ৫৫৯২ পয়েন্টে নেমেছে। গত ২৩ মার্চ থেকে গতকাল পর্যন্ত সূচক কমেছে ১৪৩ পয়েন্ট।

দরপতন দীর্ঘায়িত হলেও বাজার-সংশ্লিষ্টরা এর সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করতে পারছেন না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রতিষ্ঠানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা জানান, তারা একে অন্যের কাছে দরপতনের কারণ জানতে ফোনে কথা বলছেন। শীর্ষ ব্রোকারেজ হাউস ব্র্যাক ইপিএলের সিইও শরীফ এমএ রহমান বলেন, ‘আমরা কেউই এ দরপতনের কারণ জানি না।’ একই কথা জানিয়েছেন মার্চেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা আইসিবির শীর্ষ কর্মকর্তারাও একই রকম মন্তব্য করেছেন।

শীর্ষ মার্চেন্ট ব্যাংকগুলোর কর্মকর্তারা জানান, গত কয়েকদিনের দরপতনে তাদেরও বড় লোকসান হয়েছে। বিশেষত ব্যাংকিং খাতের দরপতনের কারণে লোকসান বেড়েছে। বেশিরভাগ ব্যক্তি বিনিয়োগকারীদেরও একই অবস্থা। এতে অনেকেরই বিনিয়োগ আটকে গেছে। ইসলামী ব্যাংকের অনাকাক্সিক্ষত লভ্যাংশ ঘোষণা এ খাতের দরপতনকে উস্কে দিয়েছে বলে মনে করেন তারা।

সংশ্লিষ্টরা বলেন, নেতিবাচক অবস্থা দীর্ঘ হওয়ায় নতুন করে বিনিয়োগ আসছে না। এতে ক্রয় চাহিদা কমেছে। তাতে কমছে অধিকাংশ শেয়ারের দর। বাজার লেনদেন সাম্প্রতিক সময়ে ৬০০ কোটি টাকায় নেমে যাওয়াও এ ধারণাকে সমর্থন করে বলে জানান তারা। আবার টানা কয়েক বছর বিদেশিদের নিট বিনিয়োগের পর এ মাসে তারা শেয়ার বিক্রি করছে বলে অনেকে জানান। জানতে চাইলে আইসিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, গত ডিসেম্বর বা জানুয়ারির মতো এ মুহূর্তে নতুন বিনিয়োগ আসছে না। ব্যাংকের শেয়ার বিক্রি করে এখন অনেকে অন্য কোনো খাতের শেয়ারে বিনিয়োগ করার সুযোগ খুঁজছে। কিন্তু তারা কোন শেয়ারটি কিনবে, তা ঠিক করতে পারছেন না। তবে বাজার পরিস্থিতি বিবেচনায় আইসিবি প্রতিদিনই শেয়ার কিনছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি জানান, গতকালও আইসিবি ৩০ কোটি টাকার শেয়ার কিনেছে। গত সপ্তাহেও প্রায় শত কোটি টাকার শেয়ার কিনেছে তার প্রতিষ্ঠান।

আইডিএলসি ইনভেস্টমেন্টের এমডি বলেন, দরপতন ত্বরান্বিত হওয়ায় এ মুহূর্তে যাদের নতুন বিনিয়োগ করার সুযোগ আছে, তাদের অনেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোনো একটি পক্ষ থেকে বড় ধরনের শেয়ার ক্রয়ই এ পরিস্থিতি পাল্টে দিতে পারে।

হঠাৎ করে ফের টানা দরপতন প্রসঙ্গে শেয়ারবাজার বিশেষজ্ঞ আবু আহমেদ বলেন, কেউ কেউ মনে করেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক উত্তেজনার নেতিবাচক প্রভাব বাজারে রয়েছে। তবে এটিকে দরপতনের কারণ বলে মনে হয় না। বরং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয় অবস্থান ও বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি বা তাদের বিনিয়োগ না থাকার কারণে বাজার পড়তে পারে।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, এ দরপতনের সুনির্দিষ্ট কারণ তাদেরও জানা নেই। তিনি বলেন, বাজার সংশ্লিষ্টদের অনেকেই এ অবস্থার জন্য ইসলামী ব্যাংকের অত্যন্ত কম লভ্যাংশ ঘোষণাকে দায়ী করছেন। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে শেয়ারবাজারের স্বাভাবিক প্রবণতাই হলো কখনও শেয়ারদর বাড়বে, কখনও কমবে।

এদিকে শেয়ারবাজারের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এ মুহূর্তে বাজারের ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করছেন। ব্যাংক ও আর্থিক খাত ছেড়ে অন্য কয়েকটি খাতের শেয়ারে বিনিয়োগ করছেন। অনুসারীদেরকেও পোর্টফোলিও পুনর্বিন্যাস করতে বলছেন তারা।

বাজার পরিস্থিতি :গতকাল দিনের লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের পতন হয়েছে। যদিও লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর আইসিবির শেয়ার কেনার কারণে কিছু সময় বেশিরভাগ শেয়ার দর বেড়ে কেনাবেচা হয়েছিল। তবে তা বেশি সময় স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত বস্ত্র, তথ্য ও প্রযুক্তি এবং পাট খাত ছাড়া অন্য সব খাতের বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এ অবস্থার মধ্যেও সেন্ট্রাল ফার্মার শেয়ার সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। দরবৃদ্ধির ধারায় আছে রিজেন্ট টেক্সটাইল। ২০১৫ সালের ডিসেম্বরে তালিকাভুক্তির পর এযাবৎকালের সর্বোচ্চ দর ৩৬ টাকা ৯০ পয়সায় শেয়ারটি গতকাল কেনাবেচা হয়েছে। খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের চার শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৬টিরই দর কমেছে। এতে খাতটির সার্বিক দরপতন ২ শতাংশ ছাড়িয়েছে। এ ছাড়া ব্যাংক খাতের ছয়টির দরবৃদ্ধির বিপরীতে ২০টির দর কমায় খাতটির সার্বিক দরপতন সোয়া এক শতাংশ ছাড়িয়েছে। একই অবস্থা ছিল বীমা, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, সিরামিক এবং চামড়া খাতে। বিপরীতে বস্ত্র খাতের ১৮ কোম্পানির দর হ্রাসের বিপরীতে ২১টির দর বেড়েছে। তথ্য ও প্রযুক্তি খাতের সাত কোম্পানির মধ্যে দর বেড়েছে ছয়টিরই।

দিনব্যাপী দুই শেয়ারবাজারে ৭৭১ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় প্রায় ১২৮ কোটি টাকা বেশি। এর মধ্যে প্রধান শেয়ারবাজার ডিএসইতেই ৭২৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের দিনের তুলনায় ১২৮ কোটি টাকা বেশি।

পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি