শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্কুলছাত্রী রিশা হত্যার বিচার শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলায় আসামি ওবায়দুল হকের বিচার শুরু করেছেন আদালত।

সোমবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আবুল কাশেম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বিচারক এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ৮ মে পরবর্তী দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন আদালতের এপিপি মাজহারুল ইসলাম।

এর আগে মামলার একমাত্র আসামি ওবায়দুল খানকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় নিজেকে তিনি নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।

আসামি টেইলার্স কর্মী ওবায়দুল হকের বিরুদ্ধে গত বছরে ১৪ নভেম্বর অভিযোগপত্র আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আলী হোসেন।

রিশা রাজধানীর বংশাল থানাধীন সিদ্দিকবাজার এলাকার রমজান হোসেনের মেয়ে।

গত ২৪ আগস্ট স্কুলের সামনের ফুট ওভারব্রিজে বখাটে ওবায়দুলের ছুরিকাঘাতে আহত হয় রিশা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ওই ঘটনায় রিশার মা তানিয়া বেগম রমনা থানায় ওবায়দুলকে আসামি করে মামলা করেন। পরে নীলফামারীর ডোমার উপজেলা থেকে ওবায়দুল খানকে গ্রেফতার করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে গত ৫ সেপ্টেম্বর আদালতে জবানবন্দিও দেয় ওবায়দুল।

পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি