
পূর্বাশা ডেস্ক:
আজান নিয়ে তার টুইট বিতর্ক সৃষ্টি করলেও সহজে পিছু হঠতে রাজি নন ভারতীয় সঙ্গীতশিল্পী সনু নিগম। কারোর মনে আঘাত লাগলে তিনি দুঃখিত বলে জানিয়েছেন এই গায়ক। তবে যেভাবে স্বাধীন মত প্রকাশের ‘অপরাধে’ তার বিরুদ্ধে ‘ফতোয়া’ জারি হয়েছে তার তীব্র সমালোচনা করেছেন সনু। বুধবার নিজের বাড়িতে নিজেই নিজের মাথা কামিয়ে ফেলেন এই গায়ক।
সনু নিগমের মাথা মুড়িয়ে তাকে জুতোর মালা পরিয়ে কেউ ঘোরালে তার জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের এক মৌলবী। তার প্রতিবাদে তিনি নিজেই নিজের মাথা কামিয়ে ফেলবেন বলে জানান সনু। ওই ১০ লাখ টাকা প্রস্তুত রাখতে মৌলবীকে জানিয়েছেন তিনি।
সনু বলেন, ‘মাথা কামানো কোনো চ্যালেঞ্জ নয়। এটা শুধুই একটা প্রতীকী পদক্ষেপ। যে পদক্ষেপ জিজ্ঞেস করে যে এই দেশকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? এই সব ফতোয়ার মানে কী?’
সনুর আরও দাবি, তিনি একজন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ মানুষ। মাইক বাজিয়ে ভোরের আজানের বিরোধিতা করে তার টুইট ধর্মীয় নয়, সামাজিক ইস্যু বলে দাবি করেছেন তিনি। বুধবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন যে, তার ভাষায়- কারোর মনে আঘাত লাগলে তিনি দুঃখিত। তাকে কেউ ভুল বুঝুক, তা তিনি চান না বলেও জানিয়েছেন সনু। আজান নয় তিনি যে লাউড স্পিকারের ব্যবহারের বিরোধিতা করেছেন, তা ফের এদিন স্পষ্ট করেছেন তিনি।
উল্লেখ্য, সোমবার ভোর বেলায় আজানের শব্দে ঘুম ভেঙে যাওয়ার অভিযোগ করে সনু নিগম টুইটারে একের পর এক মন্তব্য পোস্ট করতে থাকেন।
সেখানে তিনি লেখেন: ‘আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে?’
এরপর তিনি মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধেও কিছু মন্তব্য করে একে ‘ধর্মবোধ জোর করে চাপিয়ে দেয়া’ বলে বর্ণনা করেন।
পূর্বাশানিউজ/১৯-এপ্রিল,২০১৭/রুমকী

























































