সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাইনাসের সমস্যার উপসর্গ ও চিকিৎসা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একটু ঠান্ডা লাগলেই নাক বন্ধ বা নাক দিয়ে অবিরত পানি পড়া, সঙ্গে বিরক্তিকর মাথাব্যথা বা ভারী লাগা-এটাই সাইনোসাইটিসের সাধারণ উপসর্গ। আমাদের মুখমণ্ডল ও মস্তিষ্কের হাড়ে কিছু ফাঁপা জায়গা বা বায়ুকুঠুরি আছে, যার নাম সাইনাস। এই ফাঁপা অংশটিতে প্রদাহের সৃষ্টি হলে তাকে সাইনোসাইটিস বলা হয়। মাথার হাড়ে চারটি সাইনাস রয়েছে। হাড়ের ওজন কমানো ও কণ্ঠস্বরকে ভারী এবং নাসিকাময় করা এদের কাজ।

সাইনোসাইটিস
সাধারণত ব্যাকটেরিয়া বা নানা ধরনের জীবাণুর আক্রমণেই সাইনোসাইটিস হয়ে থাকে। তবে নাকে আঘাত পাওয়া, অ্যালার্জি, ঠান্ডা লাগা, ধুলা-বালু, নাকের বাঁকা হাড়, নাকে টিউমার ইত্যাদি সমস্যা এ রোগের প্রকোপ বা ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়।

উপসর্গ
নাক দিয়ে পানি পড়া বা হঠাৎ করে নাক বন্ধ হয়ে যাওয়া, সেই সঙ্গে তীব্র-দীর্ঘ ও বিরক্তিকর মাথাব্যথা তো রয়েছেই। সাইনাসগুলোর ঠিক ওপরেও চাপ চাপ ব্যথা থাকতে পারে। মাথা ভারী ভারী লাগে ও খাবারের স্বাদ বা রুচি নষ্ট হয়ে যায়। অনেক সময় এর সঙ্গে জ্বর, গা ম্যাজ ম্যাজ করা এবং মানসিক অবসাদ যোগ হয়।

চিকিৎসা
যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে, তারা রোগ এড়াতে কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। যেমন শুষ্ক, খোলামেলা এবং যথেষ্ট আলো-বাতাস আছে এমন ঘরে বা পরিবেশে বসবাস করুন।

ধূলা-বালি থেকে দূরে থাকুন। ঘন ঘন ঠান্ডা লাগাবেন না। পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং প্রচুর ভিটামিনযুক্ত খাবার খান।

সাইনাসের সমস্যা দেখা দিলে প্রাথমিক অবস্থায়ই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে রোগটিকে নিয়ন্ত্রণে রাখুন। রোগটিকে দীর্ঘমেয়াদি হতে দেওয়া যাবে না।

দেখে নিন সাইনাস থেকে মুক্তির ঘরোয়া উপায়-

পেঁয়াজ: পেঁয়াজে থাকে প্রচুর সালফার, যা বন্ধ শ্বাসনালী খুলতে সাহায্য করে। তবে পেঁয়াজের ঝাঁঝ সরাসরি নাকে গেলে চোখ জ্বালা করবে। তাই পেঁয়াজ কুচি করে পাঁচ মিনিট জলে ফুটিয়ে এই জলের ভেপার নিতে হবে। চাইলে পানি গরম থাকা অবস্থায় খেতেও পারেন।

হলুদ ও আদা: হলুদের থাকে অ্যান্টি-অক্সিডেন্ট। চায়ের সঙ্গে হলুদ ও আদা মিশিয়ে খেলে বন্ধ নাক খুলতে এবং সাইনাসের উপর চাপ কমাতে সুবিধা হবে। পাশাপাশি আদা পেটের সমস্যা সারাতেও কার্যকর।

অ্যাপল সাইডার ভিনিগার: এতে সাইনাসের ব্যথা কমানোর উপাদান রয়েছে। পাশাপাশি গলাব্যথা সারাতেও এর তুলনা নেই। এক কাপ গরম পানি কিংবা চায়ে দু’তিন টেবিল-চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে দিনে তিনবার খেলে সর্দি কমবে। স্বাদ বাড়াতে লেবু বা মধু যোগ করতে পারেন। এছাড়া, গরম পানিতে ১০ ফোঁটা অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে ভেপার নিতে পারেন।

পূর্বাশানিউজ/১৯-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি