
পূর্বাশা ডেস্ক:
কৃষকদের পর এবার সব হারানোর শংকায় হাওর অঞ্চলের জেলেরা। গত কয়েকদিন ধরে সুনামগঞ্জ ও মৌলভীবাজারের হাওরগুলোতে ভেসে উঠছে মৃত মাছ। ধান পঁচে পানিতে বিষাক্ত গ্যাস তৈরি হওয়াই এর কারণ, বলছে মৎস্য অধিদপ্তর।
সুনামগঞ্জে বৃষ্টি আর পাহাড়ি ঢলে নষ্ট হয়েছে দেড় লাখ হেক্টরেরও বেশি জমির ধান। কৃষকদের হাহাকার না থামতেই এবার জেলেদের জন্য দুঃসংবাদ। হাওরের জলে ভেসে উঠছে মরা মাছ। সোমবার পর্যন্ত অন্তত ২০টি হাওরে মৃত ও অর্ধমৃত অবস্থায় পাওয়া গেছে মাছ।
পানিতে তলিয়ে গেছে ধান গাছ, আর সে গাছ পঁচে সৃষ্টি হয়েছে অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইডের মতো বিষাক্ত গ্যাসের। ধান রক্ষায় কৃষকদের অতিরিক্ত কীটনাশককেও এর জন্য দায়ী করেছে মৎস্য অধিদপ্তর।
একই অবস্থা মৌলভীবাজারেরও। কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার হাকালুকি হাওরে দু’দিন ধরে ভেসে উঠছে বিভিন্ন জাতের মাছ। জেলেদের ক্ষতি ঠেকাতে পদক্ষেপ নেয়ার কথা বলছেন কর্মকর্তারা।
দুই জেলার হাওরে কি পরিমাণ মাছ মারা গেছে, এর কোনো পরিসংখ্যান নেই মৎস্য অধিদপ্তরের কাছে। তবে মাছ রক্ষায় সরকারের পদক্ষেপ কাজে না এলে কৃষকদের মতো পথে বসার শংকা পেয়ে বসেছে জেলেদেরও।
পূর্বাশানিউজ/১৯-এপ্রিল,২০১৭/মাহি






















































