শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


গৃহহীনদের তালিকার দায়িত্ব না পাওয়ায় হুইপের ক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গৃহহীনদের তালিকা করার ক্ষমতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হুইপ শহীদুজ্জামান সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের গৃহ দেয়ার জন্য দলীয় কর্মীদের তালিকা করার নির্দেশ দিলেও তার এলাকায় তালিকা তৈরি করছেন চেয়ারম্যান-মেম্বাররা।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩১তম বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। নওগাঁ-২ আসনের ওই এমপি বৈঠকে ক্ষোভ প্রকাশ করে এ কথা বলেন।

হুইপ শহীদুজ্জামান সরকার বলেন, গৃহহীনদের ঘর দেয়ার জন্য যে তালিকা করা হচ্ছে তাতে সংসদ সদস্যদের নাম দেয়া বা বাদ দেয়ার কোনো সুযোগ নেই। তালিকা তৈরির জন্য চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে। চেয়ারম্যানরা আবার মেম্বারদের দায়িত্ব দিয়েছেন। সেই তালিকা একেক জায়গায় একেকজন বাছাই করছেন। তার এলাকায় স্কাউটের টিম লিডাররা এ কাজ করছেন।

এর আগে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, গৃহহীনদের গৃহ দেয়ার জন্য গুচ্ছগ্রাম প্রকল্প চলমান রয়েছে।

কমিটির সভাপতি কাজী কেরামত আলী বলেন, গৃহহীনদের গৃহ দেয়ার জন্য প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন নির্বাচনের আগে তার ৭০ শতাংশ কভার করতে না পারলে কমিটমেন্ট রক্ষা হবে না।

জানা গেছে, বৈঠকে আসন্ন রোজার আগে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দৌলতদিয়া ঘাটের কাজে নিয়োজিত ঠিকাদারের কাজের মান মনিটরিং করার সুপারিশ করা হয়।

বিআইডব্লিউটিসির ফেরির সংখ্যা বৃদ্ধি, ফেরিগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং আসল নাম অক্ষুণ্ন রাখার বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

প্রতিটি নদী সার্ভে করে নদী শাসন, ড্রেজিং, ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক গঠিত জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সুপারিশ নেয়ার ব্যবস্থা করার তাগিদ দেয়া হয়।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশ নেন। এছাড়া বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

২৩ এপ্রিল ২০১৭ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি