শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাদীসের বর্ণনায় হাউজে কাওসার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হাউজে কাওসার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার। তিনি কুরআনের একটি সুরা নাজিল করে প্রিয়নবীকে হাউজে কাওসার দানের ঘোষণা দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) হাউজে কাওসারের গুণাগুণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, হাউজে কাওসার জান্নাতের একটি নহর। যার দুই পাশ সোনা ও রুপা দিয়ে তৈরি এবং ইয়াকুত ও মুক্তার ওপর তা প্রবাহিত। রাসুল (সা.) কর্তৃক হাউজে কাওসারের ঘোষণা দান প্রসঙ্গে হযরত আনাস (রা.) বর্ণনা করেন যে, রাসুল (সা.) একদিন আমাদের মাঝে উপবিষ্ট ছিলেন। তিনি কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হলেন। এরপর তিনি মুচকি হাসলেন। আমরা আরজ করলাম, ইয়া রাসুলুল্লাহ! আপনি হাসছেন কেন? তখনি তিনি বললেন, এই মাত্র সুরা কাওসার নাজিল হলো। এরপর তিনি বিসমিল্লাহ বলে সুরা কাওসার পাঠ করলেন। তারপর বললেন, তোমরা কি জান কাওসার কি? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। তখন তিনি বললেন, কাওসার হলো জান্নাতের একটি নহর, এতে অনেক কল্যাণ রয়েছে। যা আল্লাহ তাআলা আমাকে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কিয়ামতের দিন ওই হাউজে কাওসারের পাশেই আমার উম্মত অবতরণ করবে। হাউজে কাওসারের শরবত পরিবেশনের পাত্রের সংখ্যা হবে আসমানের তারকারাজির সমপরিমাণ। আবার কোনো কোনো বান্দাকে হাউজে কাওসার থেকে টেনে সরিয়ে দেয়া হবে; তখন আমি আরজ করবো, হে আল্লাহ! এ ব্যক্তি আমার উম্মত। তখন আল্লাহর পক্ষ থেকে এলান আসবে, হে রাসুল! আপনি অবগত নন যে, আপনার পরে এ ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন নতুন বিষয় (বিদ্আ’ত) বের করেছে। (মুসলিম)

অন্য হাদিসে রাসুল (সা.) হাউজে কাওসারের আয়তন, স্বাদ, গুণাগুণ ও উপকারিতার বর্ণনা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, আমার হাউজের প্রশস্ততা এক মাসের পথের দূরত্বের সমপরিমাণ। এর পানি দুধের চেয়েও সাদা; এর ঘ্রাণ হবে মিশক আম্বরের চেয়েও অধিক খোশবুদার; এর পেয়ালা হবে আকাশের উজ্জ্বল নক্ষত্ররাজি তুল্য। যে একবার এর শরবত পান করবে সে কখনো পিপাসার্ত হবে না। (বুখারি ও মুসলিম)

হযরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, নিশ্চয় আমার হাউজের আয়তন ইয়ামেনের আইলা ও সান’আ (শহরদ্বয়ের) মধ্যকার দূরত্বের সমপরিমাণ। তার পান পাত্রের (পেয়ালা) সংখ্যা আসমানের তারকারাজির সমপরিমাণ হবে। (বুখারি ও মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাশরের দিনের কঠিন সময়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর হাউজে কাওসার থেকে শরবত পানের তাওফিক দান করুন। হাউজে কাওসার লাভে তাঁর শুকরিয়া স্বরূপ নামাজ ও কুরবানিসহ আল্লাহ তাআলার বিধি-নিষেধ যথাযথভাবে মেনে চলার তওফিক দান করুন। আমিন।

২৩ এপ্রিল ২০১৭,/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি