
পূর্বাশা ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার চার উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জেলার বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের অনুষ্ঠান নিয়ে সৃষ্ট উত্তেজনার জেরে এ পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানিয়েছেন, রোববার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিজয়নগর, সদর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় সব ধরনের সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
রোববার দুপুরে বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের।
গেল বছর ব্রাহ্মণবাড়িয়ায় ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগ এনে মন্দির ও হিন্দু ধর্মীয়দের বাড়ি ভাঙ্চুরের ঘটনার পরে জানা যায়, এর পেছনে মন্ত্রী ছায়েদুল হক ও জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীর দ্বন্দ্ব।
এই অনুষ্ঠানের ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে।
গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে মন্ত্রীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া। মন্ত্রীর আগমন ঠেকাতে বিজয়নগরে ডাকা হয় সকাল-সন্ধ্যা হরতালও।
এর পাল্টায় মন্ত্রীর সমর্থকরা যে কোনো মূল্যে ওই অনুষ্ঠান করার ঘোষণা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার মধ্যরাতে চার উপজেলার নির্বাহী কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
২৩ এপ্রিল ২০১৭,/ রুমকী।

























































