মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাত বছর পর আমির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০১০ সালে লর্ডসের আলোচিত সেই টেস্টে সর্বশেষ পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন মোহাম্মদ আমির। এরপর ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছর নিষিদ্ধ থাকেন পাকিস্তানি এই পেসার। নিষেধাজ্ঞা কাটিয়ে দুই বছরের বেশি সময় ধরে ১২টি টেস্ট খেললেও আরাধ্যই ছিল এক ইনিংসে পাঁচ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়ে সাত বছর পর আবারও এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন বাঁ-হাতি এই পাকিস্তানি পেসার। সাদা পোশাকে এ নিয়ে চারবার পাঁচ উইকেটের দেখা পেলেও রঙিন পোশাকে পাঁচ উইকেট শিকার এখনও অধরাই রয়ে গেছে মোহাম্মদ আমিরের।

প্রথম দিন শেষেই ২৮ রানে তিন উইকেট নিয়ে পাঁচ উইকেটের অপেক্ষায় ছিলেন আমির। দ্বিতীয় দিন বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ১১.৩ ওভার। যার মধ্যে আমির বল করেছেন ৫.৩ ওভার। এতেই তুলে নেন দেবেন্দ্র বিশু (২৮) আর আলজারি জোসেফের (০) উইকেট দুটি। প্রথম দিন আমিরের শিকারে পরিণত হয়েছিলেন কিরন পাওয়েল, শিমরন হেটমায়ার এবং সাই হোপ।

দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ নয় উইকেটে ২৭৮ রান। ক্রিজে আছেন অধিনায়ক জ্যাসন হোল্ডার (৫৫) ও শ্যানন গ্যাব্রিয়েল (৪)। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় তৃতীয় দিনে এদু’জন ব্যাট করতে নামবেন।

২৩ এপ্রিল ২০১৭,/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি