
পূর্বাশা ডেস্ক:
পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ, অর্থাৎ ২০১৯ আসরেই বাংলাদেশে শিরোপা চান সাকিব আল হাসান। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড, আফগানিস্তান আর স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেয় বাংলাদেশ দল। ২০১৯ বিশ্বকাপে তাই নিজেদের আরও শক্তিশালী দেখতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের শীর্ষ এই ক্রিকেটার। সেখানেই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এ কথা জানান তিনি।
তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে ২০১৪ সালের নভেম্বর থেকে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। যার প্রভাবটা পড়েছিলো ২০১৫ বিশ্বকাপে। সবকিছু মিলিয়েই শ্রীলঙ্কান কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গা মন্তব্য করেছেন, ২০২৩ বিশ্বকাপ ঘরে তুলবে বাংলাদেশ।
কিন্তু সাকিব জানাচ্ছেন ২০২৩ নয়, ২০১৯ সালেই শিরোপা ঘরে আনার ভালো সুযোগ রয়েছে তাদের সামনে, ‘আমরা বেশ ভালোভাবে প্রস্তুত হচ্ছি। ২০১৯ সালে আমাদের ভালো সুযোগ রয়েছে শিরোপা জয়ের। যেভাবে এগোচ্ছি তাতে সামনের আসরে খুব প্রতিযোগিতাপূর্ণ একটা দল গড়তে পারবো।’
২০০৬ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলা শুরু করেছেন সাকিব। নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন পুরো ক্রিকেট বিশ্বের। জাতীয় দলকে নিজেই জিতিয়েছেন একাধিক ম্যাচ। খেলেছেন বিশ্বের গুরুত্বপূর্ণ সব ঘরোয়া টুর্নামেন্ট। আইপিএলেও কলকাতার দুইবারের শিরোপাজয়ী স্কোয়াডে ছিলেন।
কিন্তু জাতীয় দলে তার লক্ষ্য একটাই, বিশ্বকাপ জয়। সেটা যে কোন মূল্যে তাও জানিয়ে দিয়েছেন ওই সাক্ষাতকারেই। প্রশ্ন উঠেছিলো, টেস্ট সিরিজ জিততে চান নাকি বিশ্বকাপ? সাকিবের উত্তর, ‘বিশ্বকাপ’। প্রশ্রকর্তার পুরনরায় প্রশ্ন, ‘যদি শীর্ষ টেস্ট দলের বিপক্ষে টেস্ট সিরিজ জয় হয়? সাকিব জানান, তারপরও তিনি বিশ্বকাপ চান। যদি এমন হয় যে, এক নম্বর টেস্ট দলের ঘরের মাটিতে টেস্ট জেতেন, তাতেও মন ভরবে না এই বাংলাদেশি ক্রিকেটারের। সবকিছুর পরও তিনি বিশ্বকাপই চান।
২৪ এপ্রিল ২০১৭,/ রুমকী।
























































