সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রতারণা করে ১০ লাখ টাকা লুট, ব্যাংকের সিসি টিভি ফুটেজ প্রকাশ


প্রতারণা করে ১০ লাখ টাকা লুট, ব্যাংকের সিসি টিভি ফুটেজ প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের ন্যাশনাল ব্যাংক থেকে অভিনব কায়দায় ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায় চার জনের একটি প্রতারক চক্র। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা লুটকারী প্রতারক চক্রের ভিডিওসহ ছবি প্রকাশ করে পুলিশ। তার পরেও ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও টাকা উদ্ধার ও এর সঙ্গে জড়িত প্রতারক চক্রের কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলাবাহিনীর নিস্ক্রিয়তায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। পুলিশের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

ন্যাশনাল ব্যাংক থেকে পুলিশের নিকট সরবরাহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৬ এপ্রিল দুপুরে স্থানীয় বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর পরিবেশক হক অ্যান্ড কোম্পানীর একজন প্রতিনিধি ব্যাংকের ভিতর একটি টেবিলে টাকা রেখে জমা রশিদ লিখছিলেন। এসময় আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের সাদা টি সার্ট পরা একজন ব্যক্তি ব্যাগ হাতে নিয়ে ব্যাংকে প্রবেশ করে। কিছুক্ষন ঘোরাঘুরির পর প্রতারক চক্র মোবাইল ফোনে আরও দুই ব্যক্তিকে ব্যাংকের ভিতরে ডেকে নেন। একই বয়সের দুই ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে খবরদাতা ব্যক্তির সঙ্গে অল্প সময় কথা বলেন। এর পর তাদের মধ্যে একজন টাকা জমা দিতে যাওয়া হক অ্যান্ড কোম্পানীর প্রতিনিধির পেছনে গিয়ে দাড়িয়ে কিছু টাকা ছড়িয়ে ছিটিয়ে কোম্পানীর প্রতিনিধিকে বলে আপনার টাকা পড়ে গেছে।
এই কথা বলে বাইরে চলে যান প্রতারক চক্রের ওই সদস্য। এমন সময় আর একজন ব্যক্তি ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে একটি টাকা দেখিয়ে টাকা লুটকারীদের আড়াল করার চেষ্টা করেন। পড়ে থাকা টাকা উঠানো সময়ের মধ্যে ব্যাংকে অবস্থান নেয়া প্রথম ব্যক্তিসহ অপর একজন টাকাগুলো ব্যাগে ভরে দ্রুত বাইরে বেরিয়ে যান। কিছুক্ষন পরে কোম্পানীর প্রতিনিধি দেখতে পান টেবিলে রাখা তার টাকা নেই। তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের নিরাপত্তা প্রহরীসহ অন্যদের বিষয়টি জানান। ততক্ষনে উধাও হয়ে যায় চার জনের প্রতারক চক্রটি।

পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখার পরও তাদের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় হক অ্যান্ড কোম্পানীর পরিচালক নাজিবুর রহমান ওইদিনই সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ব্যাংক থেকে প্রয়োজনীয় তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যান।
মামলার বাদী নাজিবুর রহমান আরও জানান,ঘটনার পর থেকে একাধিক আইনশৃঙ্খলাবাহিনীর সংস্থার কাছে গিয়ে কোন লাভ হয়নি। তারা শুধু কালক্ষেপন করে সময় নষ্ট করছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই খাইরুল ইসলাম জানান,ঘটনার পর পুলিশসহ একাধীক টিম কাজ করছে। বিভিন্ন এলাকায় ফুটেজ সরবরাহ করা হয়েছে। এছাড়া একাধীকস্থানে অভিযান চালানো হচ্ছে।

২৫ এপ্রিল ২০১৭ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি