শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বেপোরোয়া বাস কেড়ে নিল চারজনের প্রাণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

স্টাফ রিপোর্টার:
সারাদিন রিকশা চালিয়ে উপার্জিত কষ্টের টাকায় দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে কোনোরকম দিন কাটছিল আবদুর রাজ্জাকের। গতকাল সোমবার সন্ধ্যায় হঠাৎ তার পরিবারে নেমে আসে একের পর এক নিহতর ঘটনা। একটি মোটরসাইকেলের ধাক্কায় রাজ্জাকের বড় ছেলে জসিম উদ্দিন বাড়ির পাশের সড়কে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জসিমকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। এ খবর পেয়ে মানুষের কাছ থেকে ধার-দেনা করে কিছু টাকা জোগাড় করে রাজ্জার তার স্ত্রী ঝর্ণা বেগম, শাশুড়ি জয়নব বেগম ও ছোট ছেলে মো. রাজুকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন ছেলেকে দেখতে। কিন্তু কে জানতো দুর্ঘটনায় আহত ছেলেকে দেখা তো দূরের কথা, পথেই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে স্ত্রীসহ রাজ্জাককেই। তাও আবার স্বামী-স্ত্রী একা নন, তাদের সঙ্গে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাজ্জাকের শাশুড়ি জয়নব বেগম ও তাদের বহনকারী অটোরিকশার হতভাগ্য চালক বাচ্চু মিয়াও। এদের সবার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার গন্ডামারা গ্রামে।

নিহতদের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের বরল নামক এলাকায় ঢাকা থেকে নোয়াখালীগামী বেপোরোয়া গতির ইকোনো পরিবহনের একটি বাস রাজ্জাকদের বহনকারী ওই সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই রিকশাচালক উপজেলার গন্ডামারা গ্রামের মৃত. সুরুজ মিয়ার ছেলে আবদুর রাজ্জাক (৪৫), তার স্ত্রী ঝর্ণা বেগম (৩৮) ও রাজ্জাকের শাশুড়ি জয়নব বেগম (৬৫) নিহত হন। এ ছাড়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়ার পর ওই দিন রাত ১০টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান গুরুতর আহত ওই সিএনজির চালক একই গ্রামের চাঁন মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৮)।

ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজ্জাকের শিশুপুত্র মো. রাজু (৬) ও সিএনজিকে থাকা আরেক যাত্রী আলাউদ্দিন। আহত রাজুকে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত আলাউদ্দিনকে ভর্তি করা হয়েছে কুমেকে। এ ছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জসিম উদ্দিনের (৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, দুর্ঘটনার পর পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখে। এ ছাড়া ঘাতক বাস ও দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটিও ফাঁড়িতে নিয়েছে পুলিশ। তবে ঘটনার পরই পালিয়ে যায় ওই বাসের চালক ও হেলপার। তবে ওই বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থেকে অনুমতি আনায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সার্জেন্ট মো. ইব্রাহিম খলিল।

গতকাল মঙ্গলবার দুপুরে সার্জেন্ট ইব্রাহিম খলিল জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি বাস রাত সোয়া ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের বরল নামক এলাকায় লাকসাম থেকে কুমিল্লাগামী ওই সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে সিএনজির চালক নিহত হন। তিনি জানান, এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাসটি আটক করে ফাঁড়িতে আনা হলেও বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানান তিনি।

আবদুর রাজ্জাকের ছোট ভাই গোলাম রহমান দুলাল জানান, একটি দুর্ঘটনা থেকে হতদরিদ্র একটি পরিবারের সব শেষ হয়ে গেল। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বড় ছেলে জসিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে। আর ছোট ছেলের অবস্থাও ভালো নয়। এ অবস্থায় আমাদের পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়েছে। আর ছেলে দুটির চিকিৎসা কীভাবে চলবে, কে তাদের দেখবে- এ নিয়েও আমাদের সব আত্মীয়-স্বজন চিন্তায় রয়েছেন। এখন আল্লাহ’ই আমাদের একমাত্র ভরসা। এদিকে, একই গ্রামের চারজনের মৃত্যুতে এলাকাবাসীর মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। সবাই ওই ঘাতক বাসের চালকের শাস্তি দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়টি দুর্ঘটনার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। গত দুই বছরে ওই আঞ্চলিক মহাসড়কের শুধুমাত্র লাকসাম থেকে নোয়াখালী সীমান্ত উপজেলা সোনাইমুড়ি পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭৮ জন। ঢাকা থেকে নোয়াখালী সরাসরি চলাচলকারী দেশের নামিদামি দ্রুত গতির কয়েক শ বাস এ সড়ক দিয়েই প্রতিদিন চলাচল করে। এসব বাস ওই সড়কের প্রশস্ততার তুলনায় চরম বেপোরোয়া গতিতে চলাচল করায় প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। ওই সড়ক নিয়ে চলতি বছরের ।৩০ জানুয়ারি প্রিয় দেশ পাতায় ‘দুই বছরে প্রাণ গেছে ৭৮ জনের’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি