মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক এলিফ্যান্ট রোড


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রায় সাড়ে তিন ঘণ্টা রাস্তা অবরোধ থাকার পর রাজধানীর এলিফ্যান্ট রোড দিয়ে যান চলাচল শুরু হয়েছে। চার মাসের বাড়তি বেতন না পাওয়া এবং কারখানার স্থান বদল করা হচ্ছে—এমন অভিযোগ তুলে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এই রাস্তা অবরোধ করে রাখেন। পরে মালিকপক্ষের আশ্বাসে বেলা ২টা ৪০ মিনিটে এই অবরোধ তুলে নেন তাঁরা।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাজ্জাদ রায়হান বলেন, হেক্সা গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। মালিকপক্ষের লোকজন এসে তাঁদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।

সাজ্জাদ রায়হান আরও বলেন, বেলা ১১টা থেকে অবরোধ শুরু হয়। ২টা ৪০ মিনিটের দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

এলিফ্যান্ট রোডসংলগ্ন কফি হাউস গলির একটি সাততলা ভবনে এই হেক্সা গার্মেন্টস। শ্রমিকেরা বলেন, অনেক দিন থেকেই এই প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তাঁরা বাড়তি সময়ও (ওভার টাইম) কাজ করতে পারেন না। এটি আলিফ টেক্সটাইল লিমিটেডের একটি অঙ্গ সংগঠন। আলিফ টেক্সটাইল লিমিটেডের আরও অনেক তৈরি পোশাক কারখানা রয়েছে। সেই সব কারখানায় জানুয়ারি মাসে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হলেও হেক্সাতে করা হয়নি বলে দাবি করেন শ্রমিকেরা।

শ্রমিকদের অভিযোগ, এই কারখানা বন্ধ করার চেষ্টা করছে মালিকপক্ষ। এ জন্য তাঁরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এসবের প্রতিবাদে তাঁরা রাস্তা অবরোধ করেছেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান  বলেন, অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে অবরোধের কারণে আশপাশের সড়কগুলোয় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত মালিকপক্ষের সঙ্গে মিটিংয়ে বসেছে শ্রমিকপক্ষ।

পূর্বাশানিউজ/২৭-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি