মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডেভিড ক্যামেরন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসা যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

২৭ এপ্রিল বৃহস্পতিবার গণভবনে সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

ব্রিফিংকালে তিনি জানান, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগের কথা তুলে ধরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও ক্যামেরন আলোচনায় উল্লেখ করেন।

ক্যামেরন বলেন, ‘বাংলাদেশের এসব অর্থনৈতিক অঞ্চলে কর্মদক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাজ্য সহযোগিতা করতে পারে। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।’

সে সময় প্রধানমন্ত্রী তার দল আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন নীতির কথা জানিয়ে বলেন, ‘সে অনুযায়ীই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সাফল্য অর্জন করছে। পরিকল্পনা অনুযায়ী নতুন ১০০টি অর্থনৈতিক অঞ্চল হলে বিপুল সংখ্যক মানুষের কাজের সংস্থান হবে।’

বৈঠকে বাংলাদেশে রোহিঙ্গা অবস্থানের তথ্য তুলে ধরেন এবং তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাজ্যে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে এর সমাধানের ওপর গুরত্ব আরোপ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের ওই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও ঢাকায় ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক উপস্থিত ছিলেন।

ডেভিড ক্যামেরন যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডিএফআইডির একটি প্রকল্প পরিদর্শন করতে ২৬ এপ্রিল বুধবার রাতে ঢাকায় এসেছেন। ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ডিএফএআইডির সহায়তায় দক্ষকর্মী তৈরির প্রশিক্ষণ দেওয়া একটি পোশাক কারখানা পরিদর্শন করবেন তিনি।

এর বাইরে ঢাকায় বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ব্র্যাকের ব্যবস্থাপনায় যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘ভঙ্গুর অবস্থা, প্রবৃদ্ধি ও উন্নয়ন: বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন ক্যামেরন।

গত মার্চে চালু হওয়া লন্ডন স্কুল অব ইকোনমিকসের এই সেন্টার অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই প্রবৃদ্ধির জন্য কাজ করছে। যার একটি কমিশনের চেয়ারম্যান ডেভিড ক্যামেরন। ঢাকায় ওই কমিশনের একটি কার্যালয়ও রয়েছে।

এর আগে, বুধবার রাতে ব্যাংকক এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ডেভিড ক্যামেরনকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) মো. খোরশেদ আলম খাস্তগীর।

পূর্বাশানিউজ/২৭-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি